দ্য ওয়াল ব্যুরো: আগের থেকে অনেকটা ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার রাতে তাঁর ভাল ঘুম হয়েছে বলে শনিবারের মেডিক্যাল বুলেটিনে জানাল উডল্যান্ডস হাসপাতাল। সেই সঙ্গে তারা আরও জানিয়েছে, বুদ্ধদেববাবু সম্পূর্ণ সচেতন রয়েছেন। তিনি স্বাভাবিক কথাবার্তাও বলছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় ৭৬ বছর বয়স। অ্যাকিউট সিওপিডি রয়েছে তাঁর। দিন চারেক আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান সিপিএম নেতাকে। অক্সিজেন স্যাচুরেশন প্রায় ৬৮ তে নেমে গিয়েছিল। কিন্তু সেই বিপজ্জনক অবস্থা অনেকটা কেটেছে। বুদ্ধদেববাবুর এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৮। এই বয়সের সিওপিডি আক্রান্তদের ক্ষেত্রে যা ভাল বলেই মত চিকিৎসকদের।
বুদ্ধদেব ভট্টাচার্যের হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন-সহ রক্তের একাধিক বিষয়ের মাপকাঠি স্বাভাবিক রয়েছে। রক্তচাপও স্বাভাবিক। ওঠানামা করছে না। তাঁকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এখন ক’দিন তেমনই চলবে। একইসঙ্গে চলবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড।
গতকাল দুপুরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে আনা হয়েছিল। তারপর তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন। খোঁজ নিয়েছিলেন তপনবাবুরও। বাড়িতে বুদ্ধদেববাবুর দেখাশোনা করেন জনৈক তপনবাবু।
গত কয়েক বছর ধরেই পাম অ্যাভিউনিউয়ের বাড়িতে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সারাক্ষণ তাঁকে অক্সিজেনের নল লাগিয়েই থাকতে হয়। গত বছর সেপ্টেম্বর মাসেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন দিন চারেক উডল্যান্ডসে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। তারপর কার্যত জোর করেই বাড় ফিরেছিলেন। তবে যে সঙ্কটজনক অবস্থা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার থেকে পরিস্থিত অনেকটাই উন্নতি হয়েছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন সাত জন বিশেষজ্ঞ চিকিৎসক।