
শেষ আপডেট: 3 August 2023 07:59
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সারাদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শরীর ভাল থাকলেও রাতের দিকে বুকে ব্যথা (Health Condition) বাড়ে বলে খবর হাসপাতাল সূত্রে। চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি ইসিজি করানো হয়। সেইসঙ্গে এক্সরেও করানো হয়েছে বুদ্ধদেবের।
চিকিৎসকরা জানিয়েছেন, ইসিজি বা এক্সরে রিপোর্টে খারাপ কিছু আসেনি। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার বুদ্ধবাবুর আল্ট্রা সাউন্ড করানো হবে।
গত সোমবার বুদ্ধদেবের ফুসফুসে সিটি স্ক্যান করানো হয়েছিল। যদিও সে রিপোর্টে তেমন চিন্তার কিছু পাওয়া যায়নি। তারপরই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেটশন থেকে বের করে আনা হয়। বর্তমানে তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটশন কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছে বুদ্ধদেবকে।
বৃহস্পতিবার সকালে বুদ্ধবাবুর মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন তাঁদের সঙ্গে কথা বলছেন তিনি। নিজের শরীরের সুবিধা অসুবিধার কথা নিজেই জানাচ্ছেন বুদ্ধবাবু। শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে তাঁর।
বুদ্ধবাবুর ফুসফুসের চারদিকে জল জমছে বলে মনে করছেন চিকিৎসকরা। আজ তাঁর আলট্রাসাউন্ড করা হবে। তাতেই ধরা পড়বে বুদ্ধবাবু প্লুরাল ইফিউশনে ভুগছেন কিনা। প্লুরাল ইফিউশন (Pleural Effusion) হলে ফুসফুসের চারদিকে জল জমতে শুরু করে।
প্লুরা হল ফুসফুসের আস্তরণ, অনেকটা থলের মতো। ফুসফুসকে ঢেকে রাখে এই আবরণ। প্লুরার গহ্বর হল দুটি প্লুরার (প্যারাইটাল ও ভিসেরাল) মধ্যবর্তী স্তর। যদি প্লুরাল ইফিউশন হয় তাহলে এই স্তরগুলোতে জল জমতে শুরু করে। তখন বুকে চাপ অনুভূত হয়, শ্বাসকষ্ট শুরু হয় রোগীর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনিতেই সিওপিডির রোগী। তাই তাঁর বুকে অস্বস্তি হওয়া খুব ব্যতিক্রমী ঘটনা নয়। এখনও পর্যন্ত তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। যদিও চিকিৎসকদের কাছে এভাবে খাওয়া-দাওয়া করতে আপত্তি করেছেন বুদ্ধদেব।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, পশ্চিমে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে পাহাড়