.webp)
শেষ আপডেট: 7 February 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে চোরাচালান ঠেকাতে বিএসএফের তরফে 'সীমা সাথী হেল্পলাইন' নম্বর ছিলই। এবার চোরাচালান ঠেকাতে হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করল বিএসএফ।
ফোনের পরিবর্তে সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে। একই সঙ্গে পরিচয় গোপন রেখে সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত আর্থিক পুরস্কার দেওয়ার কথাও জানাল বিএসএফ।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে আর্য বলেন, “সীমান্তে সোনা পাচারের জন্য কুখ্যাত চোরাকারবারীরা গরিব মানুষকে টার্গেট করে। অর্থের প্রলোভন দেখিয়ে তাঁদেরকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকার সোনার বিস্কুট পাচার করে। তাই গ্রামের মানুষকে সজাগ করতে এবার হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হল। ফোনের পরিবর্তে চোরা চালান সম্পর্কিত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে।”
ডিআইজি জানিয়েছেন, বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বরের (১৪৪১৯) পাশাপাশি এখন থেকে এই হোয়াটস অ্যাপ নম্বরেও (৯৯০৩৪৭২২২৭) গ্রামবাসীরা চোরাচালান সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে পারবেন। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারও দেওয়া হবে।
বিএসএফ সূত্রের খবর, ৬ ফেব্রুয়ারি গাইঘাটা থানা এলাকার আংরেলে জওয়ানদের দেখে এক সন্দেহভাজন মহিলা পালানোর চেষ্টা করেন। তাঁকে পিছু ধাওয়া করে মহিলা জওয়ানরা ধরে ফেলেন। গাইঘাটার ঘোষপাড়ার যশোদা শিকদার নামে ওই মহিলার ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১২টি সোনার বিস্কুট। এরপরই ধৃতকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেন বিএসএফ কর্তারা। পরে মহিলার বাড়ির রান্নাঘর সংলগ্ন বাগান থেকে তল্লাশি চালিয়ে আরও ১০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। অন্যদিকে স্বরূপনগর থানা এলাকা থেকে ৬টি সোনার বিস্কুট-সহ আরও এক পাচারকারীকে গ্রেফতার করেন জওয়ানরা।
বিএসএফ সূত্রের খবর, বাজেয়াপ্ত ২৮টি সোনার বিস্কুটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজার ৩০৫ টাকা।
চোরাচালানকারীদের অল্প কিছু টাকার প্রলোভনের ফাঁদে যাতে সীমান্তের মানুষজন না পড়েন সেজন্য এরপরই হোয়াটস অ্যাপ নম্বর চালুর উদ্যোগ নেয় বিএসএফ।