
শ্লীলতাহানির অভিযোগে উলবেড়িয়ায় ধৃত বিএসএফ জওয়ান (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 19 May 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ডিউটিতে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বিসিএফ জওয়ানের বিরুদ্ধে। উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়া এলাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে আটক করেছে পুলিশ।
অভিযোগ, রবিবার সকালে যোগিন্দর পাল নামে ওই জওয়ান এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। আতঙ্কে ওই যুবতী চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসেন। তখনই হাতেনাতে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন তাঁরা।
পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল ছটা নাগাদ অভিযোগকারিনী হাঁটতে বেরন। সেই সময় ওই এলাকায় বিএসএফের দুই জওয়ান যুবতীকে অশ্লীল ইঙ্গিত ও কুপ্রস্তাব দেন। ঘটনার প্রতিবাদ করলে এক জওয়ান জোর করে জড়িয়ে তাঁকে চুমু খেতে যান বলে অভিযোগ। যদিও অভিযুক্ত বিএসএফ জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। অন্য আরেক জওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।