দ্য ওয়াল ব্যুরো : প্রথমে তিনটি বুলেট। তারপর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বি এসএফ জওয়ান নরেন্দ্র কুমারের গলা কেটে নিয়েছে পাকিস্তানী রেঞ্জার্স। জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের কাছে তাঁর মৃতদেহ পাওয়ার পরেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে বিএসএফ জওয়ানরা সীমান্তে রামগড় সেক্টরে সরকান্দা নামে একরকম বড় ঘাস কাটতে গিয়েছিলেন। বেলা ১০ তা বেজে ৪০ মিনিট নাগাদ পাকিস্তানের রেঞ্জার্সরা তাঁদের দিকে গুলি চালায়। তখন থেকেই নরেন্দ্র কুমারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিএসএফ তখন পাকিস্তানের রেঞ্জার্সদেরও আহবান জানায়, আসুন আমরা যৌথভাবে নরেন্দ্র কুমারকে খুঁজে বার করি। পাকিস্তানী রেঞ্জার্সরা কিছুদূর খোঁজাখুজি করার পরে বলে, এখানে তো জলা আছে। এই জায়গায় খুঁজে লাভ নেই। এই বলে তারা ফিরে যায়। বিএসএফের ধারণা হয়েছিল, নরেন্দ্র কুমার মারা গিয়েছে। কিন্তু তারা দিনের বেলায় পাকিস্তানের রেঞ্জার্সদের জানিয়ে আর খুঁজতে যায়নি। সূর্য ডোবার পরে গোপনে ঝুঁকি নিয়ে খুঁজতে শুরু করে।
নরেন্দ্র কুমারকে যেভাবে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে তা মোটেই হালকাভাবে নিচ্ছে না বিদেশমন্ত্রক। ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসকে বলা হয়েছে, পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে আলোচনার সময় যেন এই বিষয়টি তোলা হয়।