
শেষ আপডেট: 14 May 2023 07:16
দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কিশোরীর প্রথমবার পিরিয়ড হয়েছিল। নিজেও বোঝেনি নাবালিকা। কিন্তু সেই ঋতুস্রাবের রক্ত দেখে তার দাদা ভেবেছিল, কারও সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে বোন। শুধুমাত্র সেই সন্দেহের বশে নিজের বোনকে খুন করল ৩০ বছরের যুবক (brother kills sister first menstruation)।
ঘটনাটি মুম্বইয়ের ঠানের। অভিযুক্ত যুবক পেশায় একজন নিরাপত্তা কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, ঠানের (Thane murder) উল্লাসনগর এলাকায় দাদা এবং বৌদির সঙ্গে থাকত ১২ বছরের কিশোরী। দিন কয়েক আগেই প্রথমবার ঋতুস্রাব হয় তার। কিশোরী নিজেও বিষয়টির সঙ্গে পরিচিত ছিল না। জামা কাপড়ে এবং অন্যত্র রক্তের দাগ দেখে তার দাদা যখন তাকে জিজ্ঞেস করে, তখন সেসব প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি নাবালিকা।
এতেই অভিযুক্ত ভেবে বসে, নিশ্চয়ই বোন কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, এবং সেকথা সে গোপন করছে। এই সন্দেহের বশেই বোনকে গরম রড দিয়ে ছ্যাঁকা দিতে শুরু করে সে। অত্যাচারের জেরে গুরুতর জখম হয় নাবালিকা। পরে হাসপাতালে ভর্তি করা হলে তিনদিন পর সেখানেই মৃত্যু হয় তার।
ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্যাতন এবং খুনের মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
চেহারায় ৮ বছরের শিশু! বয়স ছুঁয়েছে ১৮, কেন এমন অবস্থা যুবকের?