
শেষ আপডেট: 1 March 2023 13:33
দ্য ওয়াল ব্যুরো: জি-২০ দেশগুলির সম্মেলনে অংশ নিতে ভারতে এসে বিবিসি প্রসঙ্গ তুললেন ব্রিটিশ বিদেশ সচিব (British Foreign Secretary) জেমস ক্লিভারলি। দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে (meeting) এ দেশে বিবিসি’র (BBC) দুটি অফিসে আয়কর হানার প্রসঙ্গ তোলেন তিনি।
গুজরাত দাঙ্গা এবং নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই ব্রিটিশ ওই সংবাদ প্রতিষ্ঠানের দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর আধিকারিকেরা অভিযান চালান। সেই ঘটনা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে সরব হয়েছেন একাধিক সাংসদ। কথা ওঠে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে। দেশে-বিদেশে বহু প্রতিষ্ঠানও বিবিসি-র দফতরে আয়কর হানাকে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ বলে উল্লেখ করে।
সরকারি সূত্রের খবর, বুধবার দু’দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছে জি-২০ দেশগুলির সম্মেলন নিয়ে কথার ফাঁকে দ্বিপাক্ষিক প্রসঙ্গে আলোচনায় বিবিসি-র দফতরে আয়কর হানার প্রসঙ্গ তোলেন ব্রিটিশ বিদেশ সচিব। মনে করা হচ্ছে, বিবিসি-কে কেন্দ্র করে ভারত সরকারের ভূমিকায় দেশে সমালোচনার কারণেই দ্বিপাক্ষিক আলোচনায় এই বিষয়টি উত্থাপন করেন তিনি।
সরকারি সূত্রের খবর, সৌজন্য বজায় রেখেই অতিথি বিদেশ সচিবকে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। ক্লিভারলিকে তিনি বলেন, ‘ভারতে কর্মরত সমস্ত সংস্থাকেই চালু আইন সম্পূর্ণরূপে মেনে চলতে হবে।’
প্রসঙ্গত, আয়কর দফতর আগেই জানিয়েছিল, বিবিসি-র দফতরে আয়কর হানা রুটিন সমীক্ষার অংশ। সব বাণিজ্যিক প্রতিষ্ঠানেই আয়কর দফতর এমন সমীক্ষা চালায়। ব্রিটেনে বিবিসি অলাভজনক সংস্থা হলেও ভারতে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে নথিভুক্ত। ভারতের আয়কর আইন মেনেই তাদের প্রতিষ্ঠান চালাতে হবে।
বৈঠক শেষে জয়শঙ্কর টুইটে বলেছেন, আলোচনায় দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিশ্ব পরিস্থিতি এবং সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের আলোচ্য নিয়ে মত বিনিময় হয়েছে।
সন্তানকে বাবার কাস্টডি দিল আদালত, তবু মামার কাছেই থাকতে চেয়ে পালাল ১১ বছরের ছেলে