
অমিত মিত্র। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা
শেষ আপডেট: 25 June 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো: বিপুল জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড ব্রিটানিয়া কোম্পানি কলকাতায় তাঁদের কারখানা বন্ধ করেনি এবং বাংলা ছেড়ে যায়নি। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।
অমিত মিত্র বলেন, "ব্রিটানিয়া বন্ধ হয়নি, বাংলায় ১২০০ কোটি টাকার ব্যবসা করছে। যেটা বলা হচ্ছে সেটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলা হচ্ছে।"
প্রসঙ্গত, তারাতলায় অবস্থিত ১০০ বছরের পুরনো এই কারখানা সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছিলেন কর্মীদের একাংশ। তাঁরা জানিয়েছিলেন, সোমবার কাজে গিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। এরপরই কারখানার বন্ধের খবর ছড়িয়ে পড়ে।
একাংশ কর্মী এও দাবি করেন, আজকাল আর লাভের মুখে দেখছিল না ব্রিটানিয়া। সেই কারণেই তারাতলার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে অমিত মিত্র বলেন, "ব্রিটানিয়ার এক্সিকিউটিভের ভাইস প্রেসিডেন্ট ঘণ্টা দুয়েক আগে বিদেশ থেকে ফোন করেছিলেন। উনি জানিয়েছেন, কারখান বন্ধ করার খবর ঠিক নয়। বাংলায় ব্রিটানিয়া কোম্পানি ছিল এবং থাকবে।"
অমিত আরও বলেন, "কলকাতায় এলে কোম্পানিকে কী করে আরও শক্তিশালী করে তোলা যায়, তা নিয়ে সরকারের সঙ্গেও ওরা আলোচনা করতে চাইছে। ওদের রেজিস্টার্ড অফিস কলকাতায় আছে, থাকবে। শেযার হোল্ডার মিটিং কলকাতায় হতো, আগামী দিনেও হবে।"
দেশের অন্যতম বড় খাবার প্রস্তুতকারী সংস্থা ব্রিটানিয়া এবং পশ্চিমবঙ্গে তাদের তৃতীয় বৃহত্তম মার্কেট। বছরে ৯০০ কোটি টাকার বেশি লাভ করে এই কোম্পানি। কলকাতা বন্দরের ১১ একর জমির ওপর তৈরি হওয়া এই ব্রিটানিয়া কারখানা ২০১৮ সালেই জমির লিজ ৩০ বছর পর্যন্ত রিনিউ করেছিল। সেই সময়ে কোম্পানি কর্তৃপক্ষ ৩০০-৩৫০ কোটি টাকা বাংলায় নতুন করে বিনিয়োগ করার কথাও ভেবেছিল বলে জানা গেছে। তারই মাঝে সোমবার কারখানা বন্ধের কথা জানিয়েছিলেন একাংশ কর্মী।