
শেষ আপডেট: 11 June 2023 12:59
দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ তিনি। তাঁর বিরুদ্ধে দিকে দিকে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। কিন্তু সেসব নিয়ে হয়তো ভাবার সময় নেই কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের। তিনি ব্যস্ত নিজের রাজনৈতিক কর্মসূচি নিয়ে। শুধু তাই নয়, রবিবার গোন্দায় এক দলীয় সমাবেশের মঞ্চ থেকে আন্দোলন নিয়ে একটা শব্দও খরচ করলেন না ব্রিজভূষণ। বরং তিনি কবিতা আওড়ালেন, সঙ্গে ঘোষণা করলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে ফের কায়শেরগঞ্জ থেকেই লড়বেন তিনি!
রবিবার নরেন্দ্র মোদী সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশের গোন্ডায় এক সমাবেশে ব্রিজভূষণ কবিতার ভাষায় বক্তৃতা দিতে গিয়ে বলেন, 'কাভি আশিক, কাভি গম, তো কাভি জেহের পিয়া যাতা হ্যায়। তব যাহাকর জামানে মে জিয়া যাতা হ্যায়। ইয়ে মিলা মুঝকো মহব্বত কা সিলা, বেওয়াফা কেহ কার মুজখো ইয়াদ কিয়া যাতা হ্যায়…'। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, 'কখনও কান্না, কখনও বিষাদ, আবার কখনও বিষ পান করো। তবেই তুমি সমাজে বাস করবে। এই আমার ভালবাসার প্রতিদান…'। এই কবিতার মধ্যে দিয়েই নিজের অবস্থা, ঠকে যাওয়া এবং ভালবাসাকে তুলে ধরার চেষ্টা করেছেন বলে মনে করছেন অনেকেই।
এরপরই তিনি ঘোষণা করেন, ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি আবারও উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, এদিন ব্রিজভূষণের মুখে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্তূতিও। রবিবার গোন্দায় সভা করলেও, গত ৫ জুন অযোধ্যার র্যালি বন্ধ করে দিয়েছিল যোগী সরকার।
এদিকে, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত করছে দিল্লি পুলিশ। রবিবারই দিল্লি পুলিশের তরফে, ব্রিজভূষণের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার ছবি-অডিও-ভিডিও অভিযোগকারী মহিলা কুস্তিগিরদের কাছে চেয়ে পাঠানো হয়েছে। এমনকী কুস্তিগিরদের পরিবার-পরিজনরা যে 'হুমকি' দেওয়ার অভিযোগ তুলেছে, তারও প্রমাণ চেয়েছে পুলিশ।
ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ ছিল, টুর্নামেন্ট চলাকালীন বা প্র্যাকটিসে নানা সময়ে ব্রিজভূষণ নানা অছিলায় মহিলা কুস্তিগিরদের বুকে, পেটে, স্তনে হাত দিয়েছেন! দিয়েছেন কু-প্রস্তাবও। যদিও প্রথম থেকেই নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ব্রিজভূষণ। এমনকী তাঁকে বলতেও শোনা গেছে, যদি তাঁর বিরুদ্ধে ওঠা একটা অভিযোগও প্রমাণ করতে পারে কেউ, তবে তিনি ফাঁসিতে ঝুলে যাবেন। তবে কুস্তিগিররা, জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেছেন, দিনে দিনে সেই আন্দোলনের তীব্রতা ও ব্যপ্তি আরও বাড়ছে।
ব্রিজভূষণের বিরুদ্ধে ছবি-ভিডিও প্রমাণ দিন, যৌন হেনস্থার ঘটনায় কুস্তিগিরদের বলল পুলিশ