
শেষ আপডেট: 6 June 2023 04:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের দিল্লির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা বাড়িতে ছিলেন না। তাঁর বাংলোর কর্মচারী এবং নিরাপত্তা আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ব্রিজ ভূষণের বাড়িতে পুলিশ গিয়েছিল গতকাল। খবরটি জানাজানি হয় মঙ্গলবার সকালে। পুলিশ এখনও পর্যন্ত ১৩৭ জনের বয়ান নথিভুক্ত করেছে ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্তে। জানা গিয়েছে, দু'জন আন্তর্জাতিক কোচ এবং দু'জন প্রাক্তন খেলোয়াড় অভিযোগের সপক্ষে বয়ান দিয়েছেন।
তবে ব্রিজভূষণের জন্য স্বস্তির খবর হল, তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দায়ের হওয়া সাতটি অভিযোগের একটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক নাবালিকা কুস্তিগিরের হয়ে তার বাবা এফআইআর করেছিলেন। তিনি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। কেন এই সিদ্ধান্ত, জানা যায়নি। ওই অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো অর্থাৎ শিশুর উপর যৌন নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছিল।
আন্দোলনরত কুস্তিগিররাও সোমবার থেকে কাজে যোগ দিয়েছেন। সেটাও ব্রিজভূষণের জন্য স্বস্তির খবর। এমন নাটকীয় পরিবর্তনের সূচনা গত শনিবার বেশি রাতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে আন্দোলনরত কুস্তিগিরদের বৈঠকের পর। সূত্রের খবর, শাহ বৈঠকে কথা দেন, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দ্রুত চার্জশিট জমা দেবে পুলিশ।
ওই বৈঠকের দু'দিনের মাথায় ব্রিজভূষণের দিল্লির বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু বিজেপি সাংসদ বাড়িতে আছেন কি নেই খবর না নিয়ে কেন গিয়েছিল পুলিশ সেই প্রশ্নের জবাব মেলেনি। মনে করা হচ্ছে, ব্রিজভূষণ তাঁর কর্মচারীদের মোবাইল ব্যবহার করে হুমকি দিয়েছেন কিনা পরীক্ষা করতেই তাদের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
রাহুলের সফরের মাঝেই মোদীর ভারতে গণতন্ত্রের প্রশংসায় পঞ্চমুখ আমেরিকা