
শেষ আপডেট: 29 April 2023 12:37
দ্য ওয়াল ব্যুরো: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে রাজধানীর পথে নেমে এসেছেন ভারতীয় কুস্তিগিররা (Wrestlers Protest)। কিন্তু যাঁকে কেন্দ্র করে এত উত্তেজনা-বিক্ষোভ-আন্দোলন, সেই ব্রিজভূষণ চরণ সিং (Brij Bhushan Singh) রয়েছেন রাজার হালে। নেই কোনও হেলদোল। বরং গলায় মালা পরিয়ে বরণ করা হল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)! শুধু তাই নয় তাঁর নামে স্লোগান দেওয়াও হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান সেই সময়। সেই বিক্ষোভের জেরে কেন্দ্র সরকার ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করেন। মেরি কমের নেতৃত্বে এই কমিটি ঘটনার তদন্ত শুরু করে।
অভিযোগ, এখনও সুরাহা মেলেনি। ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফেডারেশনের সভাপতি পদেও বহাল তবিয়তে রয়ে গেছেন তিনি। তাই দিন কয়েক আগে ফের ধর্নায় বসেন ভারতীয় কুস্তিগিররা। এমনকী দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও অভিযোগ নিচ্ছে না এমন দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।
সেই মামলায় সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। তারপরই শুক্রবার দিল্লি পুলিশ বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের করে। তার মধ্যে একটি আবার পকসো আইনের আওতায়।
দিল্লি পুলিশের খাতায় নাম ওঠার পরে এদিন ব্রিজভূষণ যান উত্তরপ্রদেশের গোন্দায়। সেখানেই বিজেপি সাংসদকে গাঁদা ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। ব্রিজভূষণ বলেন যে, তিনি এখনও এফআইআরের কপি হাতে পাননি। তবে তিনি নির্দোষ।
কুস্তিগিরদের ধর্না মঞ্চে প্রিয়ঙ্কা, এদিকে নিজেকে ফের নির্দোষ বলে দাবি ব্রিজভূষণের