বোমা ফাটাল কংগ্রেস, রাফায়েল-অডিও টেপ ফাঁস, পার্রিকরের বেডরুমে নাকি লুকোনো সব নথি!
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, বছরের প্রথম দিনে এক সাক্ষাৎকারে দুর্নীতি প্রশ্নে গান্ধী পরিবারের বিরুদ্ধে ঝাঁঝালো সব মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগুস্তা মামলায় সনিয়া-রাহুলের নাম জড়ানোর ইঙ্গিত থেকে শুরু করে এ-ও বলেছিলেন, কংগ্রে
শেষ আপডেট: 1 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, বছরের প্রথম দিনে এক সাক্ষাৎকারে দুর্নীতি প্রশ্নে গান্ধী পরিবারের বিরুদ্ধে ঝাঁঝালো সব মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগুস্তা মামলায় সনিয়া-রাহুলের নাম জড়ানোর ইঙ্গিত থেকে শুরু করে এ-ও বলেছিলেন, কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি এখন জামিনে রয়েছে।
তার পর চব্বিশ ঘন্টাও কাটল না। সংসদের উঠোনে দাঁড়িয়ে রাফায়েল চুক্তি নিয়ে বোমা ফাটাল কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র তথা ওয়ার্কিং কমিটির সদস্য রণদীপ সিংহ সুরজেওয়ালা এ দিন একটি অডিও টেপ ফাঁস করেন। তাতে শোনা যাচ্ছে গোয়ার স্বাস্থ্য মন্ত্রী বিশ্বজিৎ রাণে বিস্ফোরক মন্তব্য করছেন রাফাল নিয়ে।
দেশের প্রতিরক্ষা মন্ত্রী যখন মনোহর পার্রিকর, তখন রাফাল নিয়ে ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে চুক্তি হয়েছিল নয়াদিল্লির। পার্রিকর এখন গোয়ার মুখ্যমন্ত্রী। অডিও টেপে শোনা যাচ্ছে বিশ্বজিৎ ফোনে কাউকে জানাচ্ছেন যে, গোয়ায় মন্ত্রিসভার বৈঠকে ওই দিন খুব অশান্তি হয়েছে। মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর এক সময় কথা প্রসঙ্গে বলেছেন, রাফায়েল নিয়ে সব তথ্য ও নথি তাঁর বেডরুমে লুকোনো রয়েছে। ফোনের অপ্রান্তে কে ছিলেন, তা জানা যায়নি। তবে এ কথা শুনেই তিনি বলেন, কী বলছেন কী! তাই! বিশ্বজিৎ তখন বলেন, সেটা জানাতেই তো আপনাকে ফোন করেছি। দরকার হলে মন্ত্রিসভার অন্য কোনও সদস্যকে ফোন করে খোঁজ নিতে পারেন। এর পরই গোয়ার স্বাস্থ্য মন্ত্রী ফোনে বলেন, হতে পারে রাফাল নিয়ে দল ও কেন্দ্রের সরকারের শীর্ষ নেতাদের চাপে রাখতেই এ সব করেছেন মনোহর পার্রিকর।
https://twitter.com/rachitseth/status/1080326147001511938
এই অডিও টেপ শুনিয়েই কংগ্রেস এ দিন প্রশ্ন তোলেন, রাফায়েল চুক্তি কী এমন গড়বড় করেছে মোদী সরকার যে তা নিয়ে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে চাপে রাখতে পারেন! দ্বিতীয় প্রশ্ন হল, দেশের প্রতিরক্ষা সুনিশ্চিত করতে রাফাল যুদ্ধবিমান কেনা হয়েছিল। এ ব্যাপারে যাবতীয় নথি খুবই গোপন, এবং দেশের প্রতিরক্ষা ও সুরক্ষার স্বার্থেই তা গোপন করে রাখা দরকার। শীর্ষ সেনা ও প্রতিরক্ষা কর্তা এবং মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্যরা ছাড়া এই নথি দেখার ও তা নিজের কাছে রাখার অধিকার কারও নেই। সরকারি পরিভাষায় একে হাইলি ক্লাসিফায়েড ডকুমেন্ট বলা হয়। এমনকী নিয়ম হল, মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্যরাও এ ব্যাপারে আলোচনার জন্য পাঠানো নথিপত্র পড়ে নেওয়ার পর তা ক্যাবিনেট সচিবালয়ের কাছে ফেরত পাঠাতে হয়। কিন্তু যে ব্যক্তি এখন আর প্রতিরক্ষা মন্ত্রী নন, তাঁর বেডরুমে কী ভাবে সেই অতি গোপন তথ্য রাখা থাকতে পারে? তার মানে কি দেশের প্রতিরক্ষার সঙ্গে আপস করছে মোদী সরকার! রাফালে যে সরকার সওদা করেছে, দুর্নীতি হয়েছে তার পোড়া গন্ধই এর থেকে বেরিয়ে আসছে।
এ ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে কংগ্রেস।
গোয়ার মুখ্যমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ। কংগ্রেসের এই অডিও টেপ ফাঁস নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। অন্যদিকে বিজেপি-ও আলটপকা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তবে দলের মুখপাত্ররা জানিয়েছেন, অডিও টেপটি কার, গোয়া মন্ত্রিসভাতেই বা রাফাল নিয়ে পার্রিকর কেন মুখ খুললেন তা পরিষ্কার। ব্যাপারটা খতিয়ে দেখে তবেই কিছু বলা যাবে।
আরও পড়ুন :
Breaking News: পার্রিকারের বেডরুমে রাফায়েল-নথি: রাহুল অডিও টেপ ফাঁস করতে চাইতেই ধুন্ধুমার সংসদে