
শেষ আপডেট: 20 April 2022 10:21
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপের (Qatar World Cup) পাঁচ মাস আগে ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil Argentina) স্বপ্নের ম্যাচ হতে চলেছে মেলবোর্নে। এটি একটি প্রস্তুতি ম্যাচ হিসেবেই ধরা হচ্ছে। ১১ জুন ম্যাচটি হতে চলেছে এমসিজি-তেই (MCG)।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসন নিশ্চিত করেছে, দেশটির আইকনিক মেলবোর্ন (Melbourne) স্টেডিয়ামে ম্যাচটি হবে। পাঁচবছর পরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হতে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা হবে লিওনেল মেসি (Lionel Messi) ও নেইমারের (Neymar) মধ্যে। দুই মহাতারকার সাক্ষাৎ মানেই বাড়তি আকর্ষণ ফুটবল বিশ্বের।
Ronaldo Anfield: লিভারপুলের মাঠে সাত মিনিটে ব্যতিক্রমী শ্রদ্ধা রোনাল্ডোকে, ম্যান ইউ-র হার চার গোলে
ভিক্টোরিয়া রাজ্য সরকারের ক্রীড়া ও পর্যটন মন্ত্রী মার্টিন পাকুলা বলেন, ‘‘বিশ্বের সবচেয়ে সফল দুটি ফুটবল দেশ আবারও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে। ক্রিকেটে মাঠে ফুটবল এর আগেও হয়েছে। তবে আমরা প্রমাণ করব মেলবোর্ন বিশ্বের অন্যতম সুন্দর খেলার শহর।’’
মেলবোর্নের এমসিজি-তে এই খেলা হওয়া মানেই আরও দর্শক সমাগম হবে। বহু পর্যটকের ভিড় হবে ওইসময়ে। যদিও সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি শক্তিধর দেশই নিরপেক্ষ স্থানে এই ম্যাচটি খেলতে চেয়েছে। তাই মেলবোর্নকে বাছা হয়েছে।
এর আগে গত বছর সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোয় ব্রাজিল এবং আর্জেন্টিনার সাক্ষাৎ হয়। বিশ্বকাপ বাছাই পর্বের ওই ম্যাচটি মাত্র এক মিনিট খেলার পরই বন্ধ করে দেওয়া হয় করোনা প্রটোকল ভাঙার অজুহাতে।
৫ বছর আগে, তথা ২০১৭ সালেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। ওই ম্যাচে মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। তার আগে ঘরের দল অস্ট্রেলিয়াকেও ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।