
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 November 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক। দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর প্রেমিকা জানতে পারেন প্রেমিক বিবাহিত। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করা শুরু করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন বলে জানান প্রেমিকা। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
দুর্গাপুরের বেনাচিতির একটি হোটেল থেকে অভিযুক্ত প্রেমিক দিব্যেন্দু ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃত কাঁকসা থানার বামুনাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিব্যেন্দুর সঙ্গে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা। সেই থেকেই দু'জনের প্রণয়ের সম্পর্ক।
অভিযুক্ত দিব্যেন্দু দু'জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিলেন। মাস ছয়েক আগে ওই মহিলা জানতে পারেন প্রেমিক বিবাহিত। তারপর থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন মহিলা। তার পর থেকেই মোবাইলের ছবি দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন দিব্যেন্দু। এমনই অভিযোগ মহিলার।
মঙ্গলবার রাতে দুর্গাপুরের বেনাচিতির ওই হোটেলে মোবাইলের ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ফের একবার ডাকেন দিব্যেন্দু। এই নিয়েই দু'জনের চরম বচসা হয়। ধস্তাধস্তিও হয় বলে জানায় পুলিশ। এরপরই বুধবার বাধ্য হয়ে ওই মহিলা দিব্যেন্দুর নামে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
বুধবার রাতেই অভিযুক্তকে হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তকে।