জঙ্গি গুলিতে ছিন্নভিন্ন দাদুর দেহের উপর স্তব্ধ হয়ে বসে ৩ বছরের শিশু, শিউরে ওঠার মতো দৃশ্য সোপোরে
দ্য ওয়াল ব্যুরো: দাদুর রক্তাক্ত ও নিথর দেহের সামনে বসে আছে ছোট্ট নাতি। ভয়ে, আতঙ্কে মুখ শুকিয়ে গিয়েছে তার। কাঁদতেও যেন ভুলে গেছে সে। এমনই এক ছবি সামনে এল বুধবার সকালে কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে জঙ্গিহানার পরে। শিশুটিকে পরে উদ্ধার করেন
শেষ আপডেট: 1 July 2020 06:32
দ্য ওয়াল ব্যুরো: দাদুর রক্তাক্ত ও নিথর দেহের সামনে বসে আছে ছোট্ট নাতি। ভয়ে, আতঙ্কে মুখ শুকিয়ে গিয়েছে তার। কাঁদতেও যেন ভুলে গেছে সে। এমনই এক ছবি সামনে এল বুধবার সকালে কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে জঙ্গিহানার পরে। শিশুটিকে পরে উদ্ধার করেন পুলিশকর্মীরা।
আজ সাতসকালে সোপোরে জঙ্গিহানার মুখে পড়ে সিআরপিএফের টহল-ভ্যানে। গুলি লেগে এক সেনা শহিদ হওয়ার পাশাপাশি নিহত হয়েছেন এক সাধারণ মানুষও। ঘটনাস্থলেই একটি গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে গিয়েছে ওই ভদ্রলোকের তিন বছরের নাতি। ওই একই গাড়িতে দাদুর সঙ্গে সওয়ার ছিল সেও। দাদুর মৃতদেহের পাশে তাকেই বসে থাকতে দেখা যায় এদিন।
পরে এক পুলিশকর্মী বাচ্চাটিকে উদ্ধার করলে, সেই ছবি টুইট করা হয়েছে কাশ্মীর পুলিশের তরফে। আশ্বস্ত করা হয়েছে সকলকে। কিন্তু তবু অনেকেই যেন ভুলতে পারছেন না রক্তের মধ্যে বসে থাকা শিশুটির করুণ মুখ।
কাশ্মীর জ়োন পুলিশ টুইট করে, "সোপোরের জঙ্গিহানা থেকে ৩ বছরের এক শিশুকে রক্ষা করা হয়েছে। জঙ্গিদের গুলি থেকে বেঁচে গেছে সে, কোনও চোট লাগেনি তার।"

পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি এদিন সকালে বাচ্চাটিকে নিয়ে মারুতি গাড়িতে করে শ্রীনগর থেকে হান্দওয়ারা যাচ্ছিলেন। শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার যাওয়ার পরে বারামুল্লার সোপোর পার করার সময়ে জঙ্গিহানর মুখে পড়ে যান তিনি। একটি বুলেট এসে লাগে তাঁর গায়ে। গাড়ির ভিতরেই লুটিয়ে পড়েন তিনি।
পুলিশ জানিয়েছে, সোপোরে যে সিআরপিএফ বাহিনী টহল দিচ্ছিল, তাদের গাড়ি লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাবও দেওয়া হয়, কিন্তু জঙ্গিরা পালিয়ে যায়। এক জওয়ানের গুলি লাগে, ঘটনাস্থলেই শহিদ হন তিনি। তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
গত সপ্তাহেই অনন্তনাগে সিআরপিএফ বাহিনীর উপর হামলা চালাতে গিয়ে ৬ বছরের এক কাশ্মীরি শিশুকে খুন করে জঙ্গিরা। দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতরে ঘুমোচ্ছিল নিহান ভাট। বাইকে করে ছুটে এসে সিআরপিএফ ভ্যানে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা, শহিদ হন এক জওয়ান। গুলি ছিটকে এসে লাগে ওই শিশুর গায়েও, মারা যায় সে।
গতকাল আগাম খবর পেয়ে অনন্তনাগে তল্লাশি চালিয়ে একাধিক জঙ্গি নিকেশ করে সেনা। অনেকে পালিয়েও যায়। পুলিশের অনুমান, অনন্তনাগের এই এনকাউন্টারে যে জঙ্গিরা পালিয়েছিল, তারাই আজকে ফের সোপোরে হামলা চালিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য।