দু’পায়ে ২০টি ও হাতে ১২টি আঙুল নিয়ে জন্ম, ডাইনি অপবাদে আজন্ম দিনরাত ঘরেই কাটে বৃদ্ধার
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর আগেই তাঁর বয়স ষাট পেরিয়েছে। তাঁকে অসূর্যম্পশ্যা বলা চলে না ঠিকই, তবে রূপক অর্থে সে কথা বললেও খুব একটা অত্যুক্তি হয় না। গ্রামের মানুষের বিচারে আজন্ম তিনি গৃহবন্দি। ঘর থেকে জীবনে ক’বার বাইরে পা রেখেছেন তা হয়তো গা
শেষ আপডেট: 25 November 2019 06:04
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর আগেই তাঁর বয়স ষাট পেরিয়েছে। তাঁকে অসূর্যম্পশ্যা বলা চলে না ঠিকই, তবে রূপক অর্থে সে কথা বললেও খুব একটা অত্যুক্তি হয় না। গ্রামের মানুষের বিচারে আজন্ম তিনি গৃহবন্দি। ঘর থেকে জীবনে ক’বার বাইরে পা রেখেছেন তা হয়তো গাঁট গুনে বলে দিতে পারবেন। তাঁর ‘অপরাধ’ একটাই – পায়ের পাতায় সব মিলিয়ে ২০টি আর হাতে বারোটি আঙুল নিয়ে তিনি জন্মেছিলেন।
আমাদেরই প্রতিবেশী ওড়িশার গঞ্জাম জেলায় বাড়ি নায়ক কুমারীর। তিনিই জানালেন, গ্রামের মানুষ মনে করেন তিনি ডাইনি কিন্তু এই রূপ বদলানোর ক্ষমতা তাঁর নেই। তিনি বললেন, “আমি এই ভাবেই জন্মেছি কিন্তু আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ বলে কোনও চিকিৎসা হয়নি। গ্রামের মানুষ কুসংস্কারাচ্ছন্ন। তাঁরাই আমাকে ডাইনি অপবাদ দিয়ে বলল যে আমার থেকে দূরে থাকতে হবে।”
[caption id="attachment_161943" align="aligncenter" width="600"]

নায়ক কুমারীর পায়ের আঙুল।[/caption]
জীবনের ৬৩ বছর পার করে ফেলেছেন। এখনও তিনি নিজেকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করেন প্রতিবেশীদের কৌতূহলী চোখ থেকে।
গঞ্জাম জেলার প্রত্যন্ত গ্রামে থাকেন নায়ক কুমারী। তাঁর এক প্রতিবেশী বলেন, “আমরা খুবই ছোট গ্রামে থাকি, এখানকার মানুষজনও খুবই কুসংস্কারাচ্ছন্ন। তা ছাড়া ওঁদের পরিবারের যা আর্থিক অবস্থা তাতে চিকিৎসা করানো সম্ভবও ছিল না।”
শল্যচিকিৎসক পিনাকী মোহান্তি জানিয়েছেন, পায়ে ২০টি ও হাতে ১২টি আঙুল নিয়ে জন্মানো খুবই বিরল ঘটনা। তিনি বলেন, “একে বলে পলিডাক্টিলি, যার ফলে জন্মই হয় অতিরিক্ত আঙুল নিয়ে। এটি জিনগত কারণে হয়ে থাকে যাকে জিন মিউটেশন বলে। পলিডাক্টিলি খুব একটা বিরল ব্যাপার নয়, বিশ্বে প্রতি পাঁচ হাজার জনের মধ্যে এক থেকে দু’ জনের ক্ষেত্রে এটি দেখা যায়।”
ডাইন অপবাদ দিয়ে মারধর এমনকি খুনের কথাও শোনা যায়। অনেক সময় এর পিছনে থাকে সম্পত্তির লোভ। অস্বাভাবিক অঙ্গ নিয়ে জন্মানো শিশুকে নিয়ে ছায়াছবিও তৈরি হয়েছে। তবে বাস্তব ঘটনা যে যে কোনও কল্পকথাকে হার মানাতে পারে, সে কথা বোঝা যায় নায়ক কুমারীকে দেখলে। আজন্ম তিনি গৃহবন্দি রইলেন স্রেফ কয়েকটা আঙুল বেশি নিয়ে জন্মানোর জন্য।