
ভাটপাড়ায় বোমা উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ
শেষ আপডেট: 23 April 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচন নিয়ে গোটা রাজ্য জুড়েই অল্পবিস্তর রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ব্যারাকপুরও তার বাইরে নয়। বরং এই এলাকায় উত্তাপ খানিক বেশিই। এরই মধ্যে ভাটপাড়া থেকে উদ্ধার হল বেশ কিছু তাজা বোমা। ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে মজুদ রাখা ছিল সেগুলি।
ভোটের আগে এলাকায় কড়া নজরদারি রাখছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানান জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে তারা। পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিঘিরপাড় এলাকার পরিত্যক্ত জায়গায় ৪টি বড় জারে ও ৩টি বাক্সে মজুত করা ছিল বোমাগুলি। আনুমানিক ৩৫ থেকে ৪০ টি তাজা বোমা উদ্ধার হয় সেখান থেকে।
এই বিষয়টি জানতে পেরে নিজের এক্স হ্যান্ডেলে প্রথমেই সরব হয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ছবি দেখিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন।
It is quite concerning that after informing the @ECISVEEP via email about the storage of bombs in drums in ward number 6 of Bhatpara Municipality under Bhatpara Police Station, no step was taken to seize the said bombs. Local people don’t have faith in local police so the… pic.twitter.com/FMn9hBUFaK
— Arjun Singh (Modi Ka Parivar) (@ArjunsinghWB) April 23, 2024
বিজেপি প্রার্থীর অভিযোগের পরেই ভাটপাড়া থানার পুলিশ থানা দিঘিরপাড় এলাকা থেকে তাজা বোমাগুলি উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান এসিপি জগদ্দল অভিষেক বালিয়ার। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানা।
বোমা উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই এলাকার বাসিন্দা ঊর্মিলা সাউ বলেন, "বাড়িতে বাচ্চারা রয়েছে। বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার হচ্ছে । এতে আমরা আতঙ্কিত। আমরা চাই এলাকায় শান্তি থাকুক।"