
শেষ আপডেট: 7 March 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো: কখনও সামশেরগঞ্জ, কখনও রানিনগর, কখনও ডোমকল আবার কখনও সালার। মাঝেমধ্যেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয় তাজা বোমা। বুধবার সালারে ফের উদ্ধার হল বালতি ভর্তি বোমা। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে কান্দরা ডাঙ্গাপাড়া এলাকায় আটখানা তাজা বোমা উদ্ধার হয়েছে। একটা বালতির মধ্যে রাখাছিল বোমাগুলি। এলাকার লোকজনই প্রথম দেখেন। খবর যায় পুলিশ ও বম্ব স্কোয়াডে। পুলিশ এসে বোমা উদ্ধার করে। বুধবার দুপুরের দিকে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।
ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত করছে সালার থানার পুলিশ।
বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে নতুন কিছু নয়। এর আগে সামশেরগঞ্জ, ডোমকলের রানিনগরে বোমা উদ্ধার হয়েছে। গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি বোমা উদ্ধার হয়। তার আগে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ এলাকার একটি বিয়ে বাড়িতে বোমা ফেটে জখম হন কয়েকজন। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়।