
বিশেষ বিমানে নিয়ে আসা হল দেহ।
শেষ আপডেট: 15 June 2024 09:57
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কুয়েতের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের (৫২) কফিনবন্দি দেহ।
দেহ পরিবারের হাতে তুলে দিতে রাজ্য সরকারের তরফে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক। রাজ্যের উদ্যোগেই মৃত ব্যক্তির দেহ সৎকারের যাবতীয় আয়োজন করা হয়েছে।" এদিন দ্বারিকেশবাবুর দেহ নিয়ে যেতে বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারে সদস্যরা।
কলকাতা বিমানবন্দরে এসে পৌছল বাংলার ইঞ্জিনিয়রের দেহ।
বিমানবন্দরে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও। পরিস্থিতির জন্য রাজ্যকে দুষে অগ্নিমিত্রা বলেন, "গত ১৩ বছরে রাজ্য কোনও কর্ম সংস্থান তৈরি হয়নি। পেটের দায়ে রাজ্যের মানুষকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে। এই মৃত্যুর দায় রাজ্য এড়িয়ে যেতে পারে না।"
গত বুধবার কুয়েতের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে মৃত ৪৯ জনের মধ্যে ৪৫ জনই ভারতীয়। শুক্রবার ভোরে বায়ুসেনার একটি বিমানে কুয়েত থেকে কেরল হয়ে দেহগুলি নিয়ে আসা হয় দিল্লিতে। নিহত ভারতীয়দের মধ্যে ২৩ জন কেরল, ৭ জন তামিলনা়ড়ু, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন ওড়িশার বাসিন্দা। এছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, পঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানার একজন করে বাসিন্দা রয়েছেন।
জানা গেছে, দ্বারিকেশের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন- ২ ব্লকের তুরকাগড় এলাকায় হলেও দীর্ঘদিন ধরেই তাঁর পরিবার রয়েছে মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায়।
রয়েছেন স্ত্রী অন্তরা ও এক মেয়ে ঐশী। ঐশী একাদশ শ্রেণির ছাত্রী। মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে কুয়েতে একটি সংস্থায় কাজ করতেন তিনি। তার আগে মুম্বইয়ে একটি সংস্থায় কাজ করতেন দ্বারিকেশ। শরৎপল্লীর বাড়ি হয়ে তাঁর কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হবে দাঁতনের গ্রামে। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য।