
শেষ আপডেট: 23 April 2023 18:31
দ্য ওয়াল ব্যুরো: জার্মানিতে ভারতীয় যুবকের মৃত্যুর এখনও রেশ কাটেনি। এর মধ্যেই আরও দুই ছাত্রের (Indian students) মৃতদেহ উদ্ধার হল আমেরিকার ইন্ডিয়ানা লেকে (US lake)। গত ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ওই দুই ভারতীয় ছাত্র।
জানা গেছে, সিদ্ধান্ত শাহ এবং আরিয়ান বৈদ্য নামে দুই ভারতীয় ছাত্র মনরো লেকে নিয়মিত সাঁতার কাটতে যেতেন। একইভাবে ১৫ এপ্রিলও বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে যান ওই দু'জন। কিন্তু তারপর থেকে আর তাঁদের খোঁজ মেলেনি।
সিদ্ধান্ত এবং আরিয়ানের বন্ধুদের মতে, ওই দুজন সেদিন নৌকা চড়ছিলেন অন্যদিকে বাকিরা সাঁতারে ব্যস্ত ছিলেন। তবে, সম্ভবত, নৌকা থেকেই টাল সামলাতে না পেরে জলে পড়ে যান দুজন। এরপর বন্ধুরা তাঁদের দুজনকে সাহায্যের চেষ্টা করলেও একটু পরে খুঁজে পাওয়া যায়নি ওই দুজনকে। জলের তলায় তলিয়ে যান দুই ভারতীয় ছাত্র। জানা গেছে, প্রথমে একজন জলে পড়লে তাঁকে সাহায্য করতেই ঝাঁপ দেন আরও একজন।
তবে, ১৫ এপ্রিল থেকে দেহ খুঁজে পেতে ২৩ তারিখ অর্থাৎ এক সপ্তাহ সময় লেগে গেল কেন? এর উত্তর সংবাদ মাধ্যমকে জানান ওই লেকের এক আধিকারিক অ্যাঞ্জেলা গোল্ডম্যান। তাঁর মতে, হাওয়ার গতির জন্যই ডুবুরি নামালেও উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছিল। ফলে, ওই দুই ছাত্রকে খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। শেষমেষ অনেকরকম প্রযুক্তি ব্যবহার করেই খুঁজে পাওয়া সম্ভব হয়েছে ওই দুই ছাত্রকে।
প্রসঙ্গত, ১৪ এপ্রিল জার্মানির বার্লিনে একটি লেক থেকে পুলক চক্রবর্তী নামে এক বাঙালি যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সোদপুরের বাসিন্দা পুলকের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। তাঁর পরিবার সূত্রে খবর, ২০১৪ সালে জার্মানিতে গিয়েছিলেন পুলক। স্নাতকোত্তর পড়তে যান সেখানে, তার পরে পড়াশোনা শেষ করে সেখানেই একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি পান। এর পরে এক জার্মান তরুণীকে ভালবেসে বিয়েও করেন পুলক। ৮ বছরের মেয়ে রয়েছে তাঁদের।
ইউরোপের মাটিতে পুলকের মৃত্যু রহস্যের এখনও কিনারা হয়নি। তার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের মার্কিন মুলুকে জোড়া ভারতীয়র মৃত্যু বিদেশে ভারতীয়দের নিরাপত্তাকে এক প্রকার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
সুদানের যুদ্ধের আঁচ চড়ছে! জল নেই, খাবার নেই, আটকে পড়া ভারতীয়দের ভয়াবহ অভিজ্ঞতা