
শেষ আপডেট: 21 December 2023 17:28
দ্য ওয়াল ব্যুরো: আগেই আবেদন খারিজ করে দিয়েছিল পুলিশ। এবার রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টও।
শুধু তাই নয়, রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের কথা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, 'বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয়। করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন।'
আদালত সূত্রের খবর, কলকাতা পুরসভা এলাকার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ ২৫ ডিসেম্বর বড়দিনের দিন কেক বিতরণের অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। মালা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরও উপস্থিত থাকার কথা।
রাস্তা আটকে কেক বিতরণের অনুষ্ঠান করা নিয়ে আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানিতে বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার এই ধরনের অনুষ্ঠানের বিরোধিতা করে আদালতে বলেন, "যোধপুর পার্কে একটা বিশেষ সক্ষমদের স্কুল রয়েছে। একটা হাসপাতাল রয়েছে। সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কেক বিতরণ করা হবে। গত দুবছর ধরে এটা করা হচ্ছে।"
জবাবে কাউন্সিলরের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন, "এর আগে দুর্গাপূজা, জগৎধাত্রী পুজার সময় বিরোধিতা করেনি । বড়দিন উপলক্ষে কেক বিতরণ করতে অনুষ্ঠানের আয়োজন করতেই যত আপত্তি?"
এরপরই ক্ষুব্ধ বিচারপতি রাস্তা আটকে কেক বিতরণের অনুষ্ঠানের আর্ঝি খারিজ করে দেন। তিনি বলেন, 'আপনি স্ল্যাম এরিয়াতে গিয়ে করুন। এইভাবে স্কুলের সামনে রাস্তা আটকে এটা করা যাবে না।"