
শেষ আপডেট: 21 February 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেয় বাড়িতে ঢুকে সস্ত্রীক চিকিৎসককে খুন করার ঘটনায় ধৃত দু’জনের ফাঁসির দাবিতে সরব হলেন গ্রামবাসীরা।
বুধবার সকাল থেকে ডেবরা থানার সামনে ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করেছেন নিহত দম্পতির আত্মীয় ও এলাকাবাসীরা। অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধেয় রোগী সেজে বাড়িতে ঢুকে চিকিৎসক শেখ আলাউদ্দিন ও তাঁর স্ত্রী হিরা বিবিকে খুন করে দুষ্কৃতীরা। চিৎকার চেঁচামেচির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বাইক ফেলে পালায় আততায়ীরা। ওই বাইকের সূত্র ধরেই রাতে পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে।
এরপরই ধৃতদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসী এবং নিহত দম্পতির আত্মীয়রা। কে বা কারা, কী কারণে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়।
তবে ভর সন্ধেয় জনবহুল এলাকায় বাড়িতে ঢুকে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তাতে যারপরনাই আতঙ্কিত বাসিন্দারা। তাঁদের অভিযোগ, "পুলিশ নিষ্ক্রিয় না হলে দুষ্কৃতীরা এত সাহস পায় কী করে?"
পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার পরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে খুনের মোটিভ জানার চেষ্টা হচ্ছে। ধৃতদের বুধবার মেদিনীপুর আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।