
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 October 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত সাত জন শ্রমিক।
স্থানীয়রা বলছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। আর সব দিন দু’টি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু সোমবার সেই পরিমাণ বিস্ফোরকই একটি ট্রাকে করেই আনা হয়েছিল। আর তাতেই ওভারলোডিংয়ের কারণে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন তাঁরা।
প্রসঙ্গত, সোমবার সকালে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে বিস্ফোরণ হয়। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে সেই সময় কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান সাত শ্রমিক। বাকি আরও অনেকেই যাঁরা আশেপাশে ছিলেন, তাঁরা আহত হয়েছেন গুরুতর ভাবে। সঙ্গে সঙ্গেই ওই শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু দেহ ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে।
এখন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভও দেখাচ্ছেন। পুলিশ আসলে মৃতদের দেহ নিয়ে যেতে বাধা দিচ্ছে বলে খবর। ঘটনার পরপরই ওই খনির আধিকারিক ও উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।