
শেষ আপডেট: 27 October 2023 16:16
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বোমা বিস্ফোরণে ফের উত্তেজনা ছড়াল হরিহরপাড়ায়। অভিযোগ, শুক্রবার সকালে কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তাতে আতঙ্ক ছড়ায় রুকুনপুর পঞ্চায়েতের কাচারিপাড়া এলাকায়।
বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। অভিযোগ, পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলার চেষ্টা করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজন। কিন্তু তাতেও ঢাকা যায়নি বারুদের গন্ধ। পুলিশ সেই গন্ধ পেয়ে নিশ্চিত হয় বোমা ফেটেছে।
স্থানীয় বাসিন্দা জুল্লু মণ্ডল জানিয়েছেন, সকালে রাস্তার ধারে চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে তিনি গল্প করছিলেন । সেই সময় এলাকা ছিল বেশ জনবহুল। আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। দু'জন সিভিক ভলান্টিয়ার খানিকক্ষণ বাদেই এলাকায় ছুটে আসেন। পরে পুলিশ এসে নিশ্চিত করে কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে।
জানা গিয়েছে, এ বছর পঞ্চায়েত ভোটে কংগ্রেস প্রার্থী হয়ে জয় পেয়েছেন মুর্শিদা বেগম। তাঁর স্বামী ডাক্তার। যৌথ পরিবারের থাকেন মুর্শিদারা। এদিন বাড়িতে তখন রান্না করছিলেন বাড়ির মহিলারা। তখন কোনও পুরুষ ছিলেন না সেখানে। আচমকাই বাড়ির ভিতরে সিঁড়ির তলায় সাইকেল রাখার জায়গায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কথা স্বীকার করলেও সেখানে বোমা মজুত করার কথা অস্বীকার করেছেন মুর্শিদা বেগমের পরিবারের সদস্যরা।
মুর্শিদার আত্মীয়রা জানিয়েছেন, তাঁরা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। কিন্তু বাড়িতে বোমা কেউ মজুত করে রাখেনি। পঞ্চায়েত ভোটের সময় মুর্শিদা কংগ্রেসের প্রার্থী হওয়ায় হুমকি আসছিল। তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাঁদের।
ওই এলাকার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, 'পঞ্চায়েত নির্বাচনের সময় বোমা মজুত করে রাখা ছিল। সেই বোমা সকালে ফেটেছে।' পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।