দ্য ওয়াল ব্যুরো : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা পড়েছিল বাবরি মসজিদ। সেই মামলায় প্রবীণ বিজেপি নেত্রী উমা ভারতী বৃহস্পতিবার হাজিরা দিলেন সিবিআই-এর বিশেষ আদালতে। আদালত এখন ৩২ জন অভিযুক্তের বিবৃতি নথিভুক্ত করছে। এরপরে সাক্ষীদের জেরা করা হবে। ৬১ বছরের বিজেপি নেত্রী উমা ভারতী বাবরি ধ্বংসের মামলায় ১৯ নম্বর অভিযুক্ত।
বাবরি মামলায় অভিযুক্তদের অন্যতম হলেন প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আডবানী ও মুরলীমনোহর যোশি। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-ও আছেন অভিযুক্তের তালিকায়। তাঁদের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতের সামনে বক্তব্য পেশ করতে চান।
২৭ বছর আগে করসেবকরা বাবরি মসজিদ ভেঙে ফেলে। তাদের বিশ্বাস ছিল, ওই জায়গায় আগে ছিল একটি রামমন্দির। মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই আদালতে এখন রোজ ওই মামলার শুনানি চলছে। ৩১ অগাস্টের মধ্যে শুনানি শেষ করতে হবে।