
শেষ আপডেট: 25 March 2024 09:00
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বাংলার জন্য রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তাতে ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তার পরেও ৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা ঝুলে রয়েছে। সেগুলি হল, বীরভূম, ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার ও আসানসোল।
কিন্তু কেন?
সূত্রের খবর, বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থীদের নাম ঘোষণা ঝুলে রয়েছে প্রশাসনিক কারণে। কদিন আগে ইস্তফা দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। তিনি যে পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে যে বিজেপির প্রার্থী হতে চলেছেন তা সবার আগে দ্য ওয়ালেই লেখা হয়েছিল। কিন্তু ঘটনা হল, দেবাশিসের ইস্তফা এখনও গৃহীত হয়নি। এমনিতে সরকারের গুড বুকে ছিলেন না দেবাশিস। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল। ২১ মার্চ তিনি মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে চিঠি দিয়ে ইস্তফা দিলেও তা গৃহীত না হওয়ায় তাঁর নাম রবিবারের তালিকায় রাখতে পারেনি বিজেপি। দেবাশিসের ইস্তফা যাতে দ্রুত গৃহীত হয় সেজন্য কলকাতা হাইকোর্টে মামলাও করা হতে পারে। তাঁকে বীরভূম আসনে প্রার্থী করতে চাইছে বিজেপি।
ঠিক একই ভাবে ঝাড়গ্রামে স্থানীয় এক জনপ্রিয় ডাক্তারবাবুকে প্রার্থী করতে চান শুভেন্দু অধিকারীরা। তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিয়োলজি বিভাগের চিকিৎসক। নাম প্রণত টুডু। চার দিন আগে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু ওই ডাক্তারবাবুর ইস্তফাও সরকার এখনও গ্রহণ করেনি। ফলে তাঁর ব্যাপারেও আদালতের দ্বারস্থ হতে পারে গেরুয়া শিবির।
আসানসোলের প্রার্থী হিসাবে ভোজপুর গায়ক ও অভিনেতা পবন সিংয়ের নাম প্রথম তালিকাতেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু পবন সিং জানিয়ে দেন, তিনি প্রার্থী হবেন না। সূত্রের খবর, এহেন পরিস্থিতিতে আসানসোলের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করতে পারে বিজেপি। জীতেন্দ্রর বিষয়টি পুরোপুরি চূড়ান্ত বলা যাবে না, তবে দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।
রইল বাকি ডায়মন্ড হারবার। লোকসভার এই আসনে বিজেপি দলের কোনও সম্ভাবনা দেখছে না বলে খবর। সেখানে স্থানীয় এক যুবককে প্রার্থী করা হতে পারে। বীরভূম, ঝাড়গ্রাম, আসানসোলের প্রার্থীদের সঙ্গেই তাঁর নাম ঘোষণা করা হবে।