
দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির।
শেষ আপডেট: 9 May 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো: ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের বিরুদ্ধে কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ জানাল বিজেপি। অভিযোগ পত্রটিকে এফআইআর হিসেবে গণ্য করার আবেদনও জানিয়েছে বিজেপি।
২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগেই কেশপুরে বিজেপি নিজেদের লোককে খুন করিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে ভোটের আগে চরম অশান্তির পরিবেশ তৈরি করবে বলে বুধবার অভিযোগ করেছিলেন দেব।
বুধবার সকালে প্রচারের মাঝে সংবাদমাধ্যমের কাছে দেব বলেন, "আমাদের কাছে যা খবর এসেছে এখন পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল কেশপুরে ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোকের উপর চাপিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই। আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি এই ষড়যন্ত্রের প্ল্যান করেছে বলে আমরা জানতে পেরেছি।"
বিজেপির বক্তব্য, তৃণমূলের সন্ত্রাসে কেশপুরের মানুষ এমনিতেই ভীত সন্ত্রস্ত। দেবের এই মন্তব্য শোনার পর বিজেপি কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের অভিযোগ, "মুখে আশঙ্কার কথা বললেও দেব আদতে হুমকি দিয়েছেন। ভয়ে বিজেপি কর্মীরা বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না। আমরা চাই দ্রুত এই বিষয়ে তদন্ত করে দেখা হোক।"
বিজেপির অভিযোগ, ভোটের আগে কেশপুরে খুনের ঘটনা ঘটিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারে তৃণমূল। সে কারণেই তৃণমূল প্রার্থী দেব আগেভাগে খুনের আশঙ্কার কথা বলে দায় এড়াতে চেয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ব্যাপারে দেবের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।