
মমতা বন্দ্যোপাধ্যায় ও জন বার্লা।
শেষ আপডেট: 22 January 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকবেন বিজেপি-র প্রাক্তন সাংসদ জন বার্লা! তার আগে আজ বুধবার তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।
চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সভায় তিনি উপস্থিত থাকবেন বলে নিজেই জানিয়েছেন জন। এবারের লোকসভা ভোটে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছিল। যা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন বিজেপি সাংসদ প্রকাশ্যে একাধিকবার দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। গত নভেম্বরে আলিপুরদুয়ারের তৃণমূল নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন জন। তখন থেকেই দলবদল নিয়ে জল্পনা চড়ছিল।
জন বার্লার কথায়, "ডুয়ার্স এবং চা বাগানের উন্নয়নের বিজেপি কোনও কাজ করেনি। মানুষের এসব সমস্যা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।"
পর্যবেক্ষকদের অনেকের মতে, শুধুমাত্র চা বাগানের দাবি দাওয়া জানানোর জন্যই মুখ্যমন্ত্রীর সভায় প্রাক্তন বিজেপি সাংসদ উপস্থিত হবেন, এমনটা নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি মনোজ টিগ্গার নামোল্লেখ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বার্লা। বলেছিলেন, "এমন ভাবখানা যে ও শুধু এমপি নয়, জেলায় দলের জেলার চেয়ারম্যান, বিধায়কও যেন ওই! ওয়ান ম্যান আর্মি যাকে বলে আর কী! ও যদি একাই সব বুঝে নিতে পারে তাহলে বাকিদের দলে থেকে লাভ কি?"
টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের প্রচারে দেখা যায়নি বার্লাকে। এবারেও উপ নির্বাচনের প্রচারে বেরোননি তিনি।