
ফাইল ছবি।
শেষ আপডেট: 4 April 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: রাম নবমীর (Ram Nabami poster) পোস্টারেও এবার দলের নেতাকে নিশানা করে পোস্টার! ঘটনাস্থল, ডায়মন্ড হারবার রোডের উপর ১৪ নম্বর বাস স্ট্যান্ড। পোস্টার ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে বিজেপির (BJP) অভ্যন্তরে!
স্থানীয় সূত্রের খবর, বাস স্ট্যান্ড এবং ব্লাইন্ড স্কুল সংলগ্ন রাস্তায় বিজেপির তরফে রামনবমীর পোস্টার টাঙানো হয়েছে। নীচে বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্যর ছবি। ছবির ওপরে কালি ছেটানো। গলায় জুতোর মালা! পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা ‘তৃণমূলের দালাল’কে দ্রুত পদ থেকে সরাতে হবে।
একই পোস্টার দেখা গিয়েছে বেহালায় বিজেপির পার্টি অফিসে। সেখানেও অনুপমকে নিয়ে একাধিক পোস্টার পড়েছে। এর আগে বিধাননগরে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার পড়ে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে। পোস্টারে তাঁকে ‘তৃণমূলের দালাল’ বলে আখ্যা দিয়ে দ্রুত পদ থেকে সরানোর দাবি তোলা হয়েছিল।
কীভাবে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট না হলেও এতে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিজেপির অনেক নেতা-কর্মীই বিষয়টিকে দলের অন্দরের অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করছেন।
এর আগে রবিবার অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ একদল কর্মী প্রকাশ্যে তাঁর ওপর কালি ছোড়ে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে পোস্টার-বিতর্কে দলীয় কোন্দল আরও গভীর হল বলেই মনে করা হচ্ছে।
দলের শীর্ষ নেতৃত্ব এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে একের পর এক ঘটনা বিজেপির দক্ষিণ কলকাতা শাখার অস্থিরতা বাড়িয়ে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।