
শেষ আপডেট: 18 July 2023 14:20
দ্য ওয়াল বুরো: সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। ভোটের বলি ৫০ জনেরও বেশি। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নতুন করে উত্তপ্ত বিভিন্ন এলাকা। এমন আবহে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে বুধবার কলকাতা শহরে মহা মিছিল করতে চলেছে বিজেপি (BJP)। মিছিলের পুরোভাগে থাকবেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, ওই মিছিলের বিষয়ে এদিন বিকেল পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনও অনুমতি মেলেনি। যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, পুলিশ অনুমতি না দিলে জোর করে মিছিল হবে। তাতে পুলিশ কোনও পদক্ষেপ নিলে আইনি পথেই তার মোকাবিলা করা হবে।
নির্বাচনের নামে গণহারে ভোট লুঠ, আইন শৃঙ্খলার অবনতি, সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি সহ একাধিক অভিযোগে বুধবার রানি রাসমণি রোড থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে হাঁটবেন বিজেপি নেতারা। মিছিলের পুরোভাগে থাকবেন বঙ্গ বিজেপির ত্রয়ী শুভেন্দু-দিলীপ-সুকান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোট পর্বেও বিভিন্ন ইস্যুতে বারে বারে সামনে এসেছে বঙ্গের বিজেপি নেতাদের মতানৈক্যের ছবিটা। এমন আবহে দলের ঐক্যের বার্তা প্রকাশ্যে আনতেই এই মহা মিছিলের আয়োজন।
সূত্রের খবর, তেইশের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে বঙ্গের গেরুয়া নেতারা সন্ত্রাসের অভিযোগে সরব হলেও তাতে সন্তুষ্ট নন শীর্ষ নেতৃত্ব। বরং, পূর্ব মেদিনীপুর সহ এরাজ্যের যে সব এলাকায় গত বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করেছিল, সেখানেও এবারের পঞ্চায়েতে তাদের গোহারা পরাজয় ঘটেছে। বিশেষত, উত্তরবঙ্গ। বিধানসভা ভোটে যে তল্লাটে দেখা গিয়েছিল একচেটিয়া গেরুয়া দাপট। অন্যদিকে পথে নেমে আন্দোলনের জেরে অতীতের তুলনায় বাম-কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে বলেও মনে করছে দলেরই শীর্ষ নেতৃত্ব।
পঞ্চায়েতের ফল প্রকাশের তিনদিন পর দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। অগস্টে রাজ্যে আসার কথাও রয়েছে দলের সর্বভারতীয় সভাপতির। দলের এক নেতার কথায়, ‘শুধু মিডিয়ায় মুখ দেখালে হবে না, বাংলায় রাজনৈতিক জমি তৈরি করতে হলে ধারাবাহিক কর্মসূচির মধ্যে থাকতে হবে। আরও বেশি মানুষকে দলের কর্মসূচিতে সামিল করতে হবে।‘ স্বাভাবিকভাবে বুধবারের মিছিল থেকে বঙ্গ বিজেপির নেতৃত্ব কোন বার্তা সামনে আনেন, সেদিকে বাড়তি কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: 'এত পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা যাচ্ছে না', অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির