দ্য ওয়াল ব্যুরো: ভোট ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই প্রার্থী নিয়ে কোন্দল শুরু হয়ে গেল বিজেপিতে। যা নিয়ে তীব্র অস্বস্তিতে রাজ্য বিজেপি। রবিবার সন্ধ্যায় বিক্ষোভ এমন জায়গায় গেল যে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে ঘেরাওয়ের মুখে পড়তে হল।
রবিবার লাখিসরাই কেন্দ্রের সাংগঠনিক বৈঠক করতে সেখানকার বিজেপি পার্টি অফিসে যান সুশীল মোদী। তাঁর কনভয় পৌঁছতেই বিজেপির ঝাণ্ডা হাতে শদেড়েক সমর্থক সুশীল মোদীর কনভয় ঘিরে ফেলেন। স্লোগান তোলেন বিজয় কুমার সিনহাকে প্রার্থী করা চলবে না।
প্রায় মিনিট ২০ গাড়িতেই বসে থাকেন সুশীল মোদী। তারপর স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যে তিনি পার্টি অফিসে ঢোকেন।
বিজয় সিনহা লাখিসরাইয়ের গত দু'বারের বিজেপি বিধায়ক। ক্ষুব্ধ কর্মীদের দাবি, বিজয় সিনহা ১০ বছর ধরে শুধুই নিচুতলার কর্মীদের অপমান করেছেন। সেইসঙ্গে আরও অভিযোগ, বিধায়ক হয়ে তিনি শুধু নিজের আত্মীয়স্বজনকে বড়লোক করার চেষ্টা চালিয়ে গেছেন। তাই এবার প্রার্থী বদল করতে হবে।
আগামী ২৮ অক্টোবর, ৩ ও ৭ নভেম্বর ভোট হবে বিহারে। তিন দফায় ভোটগ্রহণের পর ১০ নভেম্বর বিহারের বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে।
যদিও কর্মীদের এই বিক্ষোভ নিয়ে বিহারের বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে অনেকেই বলছেন, ক্ষমতায় থাকা দলের মধ্যে এই ধরনের বিক্ষোভ খুবই সংক্রামক। এক জায়গায় শুরু হলে অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। তবে এসবের প্রভাব ভোটে পড়বে না বলেই মত বিহার বিজেপির নেতাদের। তাঁদের বক্তব্য, বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। এখানে দল যাঁকে টিকিট দেবে তাঁর হয়েই কর্মীদের লড়তে হবে। ব্যক্তি পছন্দ-অপছন্দের অবকাশ নেই।