
শেষ আপডেট: 30 January 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল শালবনি থানার ভাদুতলায়। মৃতের নাম মিঠুন খামরুই। মঙ্গলবার সকালে ভাদুতলা থেকে কর্ণগর যাওয়ার রাস্তায় একটি কালভার্টের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নির্দিষ্ট অভিযোগ হলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে শালবনি থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, ভাদুতলা এলাকায় সোমবার একটি মেলা ছিল, মিঠুন খামরুই সেখানেই গিয়েছিলেন। তারপর রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে ব্রিজের নীচ থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।
মৃতের ছেলে সৌভিক খামরুই বলেন, “বাবা মেলা দেখতে গিয়েছিল গ্রামে। রাতে আর বাড়ি ফেরেনি। যাঁদের সঙ্গে নেশা করেছিল, তারাই মেরে ফেলেছে কিনা বুঝতে পারছি না।" বিজেপির দক্ষিণ মণ্ডল সহ সভাপতি গোপাল মিদ্যা বলেন, “বিজেপি কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।" পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নির্দিষ্ট অভিযোগ পেলে তার উপর তদন্ত শুরু হবে ।