
শেষ আপডেট: 4 February 2023 07:55
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় (Tripura) জমানায় জনজাতিদের (Tribal) সংগঠন গণমুক্তি পরিষদ শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। জনজাতি এলাকাগুলি থেকে সিপিএম যে বছরের পর বছর জিতত তার মূল ভিত্তি ছিল গণমুক্তি পরিষদ। ২০১৮ সালের দু’বছর আগে থেকে সেটাই ভাঙতে চেয়েছিল বিজেপি (BJP)। আইপিএফটিকে দিয়ে সেই কাজটা করাতে সফলও হয়েছিলেন সুনীল দেওধররা। কিন্তু পাঁচ বছরে ক্রমশ দুর্বল হওয়া আইপিএফটির ভোট এবার কোথায় যাবে? তা নিয়েই সন্দিহান বিজেপি।
পাঁচ বছর ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার চললেও দু’দলের সম্পর্ক বিশেষ ভাল ছিল না। আইপিএফটি মনে করে, তাদের দুর্বল করার পিছনে বিজেপিরই হাত রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরায় জনজাতিদের দল হিসেবে মাথা তুলেছে তিপ্রা মথা। গেরুয়া শিবির এখানেই সিঁদুরে মেঘ দেখছে।
এবারেও জোট হয়েছে বিজেপি-আইপিএফটির। বিজেপি ৫৫টি আসনে লড়ছে। আইপিএফটি লড়ছে ৬টি আসনে। ওম্পিনগর আসনে দু’দলই প্রার্থী দিয়েছে।
ত্রিপুরায় অন্তত ১৫টি আসন রয়েছে যেখানে ৭০-৮০ শতাংশ জনজাতি অংশের ভোটার। আবার গোটা সাতেক আসন রয়েছে যেখানে বাঙালিরা সিংহভাগ হলেও ২০ শতাংশের কাছাকাছি জনজাতি ভোটার রয়েছে। আগেরবার এই সমর্থন আইপিএফটির দিকে থাকায় তা বিজেপির দিকে গিয়েছিল। এবার কী হবে?
মথা এবার ৪২টি আসনে লড়ছে। বিজেপির নেতারা ঘরোয়া আলোচনায় স্বীকার করে নিচ্ছেন জনজাতি ভোট আগেরবার যেভাবে একজায়গায় এসেছিল এবার তা হওয়া মুশকিল। তাই গেরুয়া শিবির মনোসংযোগ করছে বাঙালি অধ্যুষিত আসনেই।
যদিও বিজেপির নেতারা ঘনিষ্ঠবৃত্তে একথা বলছেন, প্ল্যান বি মাথায় রেখেই ভোট লড়ছে দল। সেই প্ল্যান বিতে রয়েছে ভোটের পর যদি দেখা যায় ম্যাজিক ফিগার হচ্ছে না তাহলে মথার সঙ্গে বোঝাপড়া করা হবে। তবে জনজাতি অংশের সমর্থন নিয়ে যে গেরুয়া শিবির চাপে তা মনে করছেন অনেকেই।
ত্রিপুরায় ৬০ আসনে প্রার্থী আড়াইশোর বেশি, কোন দল কত জেনে নিন