দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব আইন নিয়ে বিভক্ত হয়ে গেল বলিউড। মঙ্গলবার জেএনইউতে গিয়ে ওই আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন। বুধবারই নাগরিকত্ব আইনের সমর্থনে বলিউডের সেলিব্রিটিদের একটি ভিডিও প্রকাশ করল বিজেপি। তাতে বিতর্কিত আইনের পক্ষে বলেছেন গায়ক শান, অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়, অভিনেতা রণবীর শোরি, পরিচালক অনিল শর্মা প্রমুখ।
কিছুদিন আগেই বলিউডের তারকাদের সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার জন্য মুম্বইয়ে ডিনারের আয়োজন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপির সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা। সেখানে অবশ্য প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই যাননি।
এদিন বিজেপির প্রকাশিত ভিডিও-র শুরুতেই দেখা যায়, গায়ক শান বলছেন, নতুন আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। বরং অনেকে নাগরিকত্ব পাবেন। তানিশা মুখোপাধ্যায় বলেন, "আমি এই নতুন আইন সম্পর্কে মতামত প্রকাশের সুযোগ পেলাম। এতে আমি খুব খুশি।" রণবীর শোরি বলেন, "সিএএ খুবই মানবিক আইন।" ভিডিওটি টুইটারে দেওয়া হয়েছে।
https://twitter.com/BJP4India/status/1214804739117830149
নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, ২০১৪-এর ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে অ-মুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন। সমালোচকরা বলছেন, ওই আইন মুসলমানদের বিরোধী। তাতে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। অনেক জায়গায় আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে।
নতুন আইনের পক্ষে জনমত তৈরির জন্য কিছুদিন আগে থেকেই উদ্যোগ নিয়েছে বিজেপি। বলিউডের কেউ কেউ তাদের সঙ্গে সুর মেলালেও স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ এবং শাবানা আজমির মতো সেলিব্রিটিরা আইনের কড়া সমালোচনা করেছেন।