
ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 24 March 2025 18:03
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের (TMC) প্রতীক সংবলিত উত্তরীয় পরে মঞ্চে বসে রয়েছেন চাপড়া থানার (Chapra ps , IC) আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়! ঘটনাস্থল নদিয়ার চাপড়া ব্লক।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রমজান মাস উপলক্ষে একটি ইফতার পার্টি এবং বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেই আইসিকে তৃণমূলের প্রতীক সংবলিত উত্তরীয় পরে মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে অনুষ্ঠানের ভিডিও ভাইরাল। যা নিয়ে বড় প্রশ্ন তুলেছে বিজেপি। পদ্মশিবিরের প্রশ্ন, "থানার আইসি কি তৃণমূলের ক্যাডার?"
এর আগে কখনও থানার ভিতরে তৃণমূল নেতার জন্মদিন পালনের ভিডিও সামনে এসেছে। কোথাও বা তৃণমূলের বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিডিও। এবার বিতর্কে থানার আইসি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে জোর শোরগোল ছড়িয়েছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ , সেই আইসির অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
বিজেপির চেপড়ার নেতা সোমনাথ করের অভিযোগ, "এঘটনায় আবারও প্রমাণিত হয়ে গেল, থানার ওসি, আইসিরা তৃণমূলের ক্যাডার। যে কারণে সাধারণ মানুষ বিচার পান না। আর তৃণমূলের নেতারা অপকর্ম করে গেলেও তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই।"
তবে উত্তরীয় বিতর্ক পরোক্ষে স্বীকার করে নিয়েছেন তৃণমূলের উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায়। তিনি বলেন, "সামাজিক অনুষ্ঠানে আইসিকে ডাকার মধ্যে অন্যায়ের কিছু নেই। তবে উত্তরীয়তে দলীয় প্রতীক থাকলে ঠিক হয়নি।"
গোটা ঘটনায় পুলিশের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকের মতে, এভাবে পুলিশ যদি শাসকদলের প্রতীক লেখা উত্তরীয় পরে মঞ্চে বসে থাকে তাহলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগবেই। সংশ্লিষ্ট আইসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি। জেলা পুলিশ কর্তারা অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সূত্রের খবর. বিতর্কের জেরে চাপড়ার আইসিকে স্থানান্তর করা হতে পারে।