দ্য ওয়াল ব্যুরো: অসম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় যে দুর্নীতি হয়েছিল তা আগেই প্রকাশ্যে এসেছে। ২০১৬ সালের ওই পরীক্ষায় কাঁচা টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল সিট। ‘ক্যাশ ফর জব স্ক্যামে’ ২০১৬ সালেই গ্রেফতার হয়েছিলেন কমিশনের চেয়ারম্যান রাকেশ পাল সহ তিনজন অফিসার। এ বার চাকরি পেয়ে যাওয়ার পরও ‘জালিয়াতি’র অভিযোগে গ্রেফতার করা হলো মোট ১৯ জন অফিসারকে। এর মধ্যে রয়েছে তেজপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদের মেয়ে পল্লবী শর্মাও। বুধবার এই ১৯ জনকে গ্রেফতার করা হয়।
কমিশনের চেয়ারম্যান সহ বাকিদের গ্রেফতার করার পর তদন্ত প্রক্রিয়া চলছিলই। সেই তদন্তেই ফরেনসিক দল ১৯ জন অফিসারকে চিহ্নিত করে হাতের লেখা পরীক্ষা করে। ডিব্রুগড়ের পুলিশ সুপার গৌতম বোরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ১৯ জন অফিসারের হাতের লেখা মেলেনি। আর এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপি সাংসদের মেয়ে সহ ১৯ জন পরীক্ষাতেই বসেননি? ভাড়া করা লোককে বসিয়েছিলেন পরীক্ষায়?
২০১৬ সালে শীর্ষ আধিকারিকদের গ্রেফতার করার পর ধাপে ধাপে আরও ৩৫ জন কমিশনের বিভিন্ন পদের কর্মচারীকে গ্রেফতার করা হয়। চাকরিতে নিযুক্ত হয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয় আরও ১৩ অফিসারকে। এর মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী নীলমণি সেন ডেকার ছেলে রাজর্ষি সেন ডেকা। যাঁদের বর্তমান ঠিকানা গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগার।