দ্য ওয়াল ব্যুরো: সুরেন্দ্র আছেন সুরেন্দ্রতেই। বিতর্কিত মন্তব্যে জুড়ি মেলা ভার এই বিজেপি বিধায়কের। আবারও মুখ খুললেন তিনি। বললেন, প্রত্যেক হিন্দু দম্পতির উচিত পাঁচ সন্তান নীতি গ্রহণ করা। তাহলেই হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখা যাবে।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর প্রদেশের বালিয়ার এমএলএ সুরেন্দ্র সিং বলেন, 'হিন্দু স্বামী-স্ত্রীর কম করেও পাঁচ সন্তান থাকা দরকার।' তিনি আরও বলেন, 'দেশে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা গিয়েছে। সব আধ্যাত্মিক নেতাদের ইচ্ছা যে হিন্দুদের কম করেও পাঁচ সন্তান হোক। এই ভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করা সম্ভব। আর এভাবে হিন্দুত্বকে বাঁচিয়ে রাখা যাবে।'
তবে এই প্রথম নয়। এর আগে বিধায়কের বহু মন্তব্য একাধিকবার বিতর্কের সৃষ্টি করেছিল। চলতি মাসেই ধর্ষণ প্রসঙ্গে ভগবান রামকে টেনে এনেছিলেন তিনি। জানিয়েছিলেন, 'ভগবান রামও ধর্ষণের মত ঘটনা বন্ধ করতে অপারগ।' দেশভক্তির প্রসঙ্গে একবার মন্তব্য করেছিলেন, 'যারা ভারত মাতা কি জয় বলে না তারা আসলে পাকিস্তানি।' একবার বলেছিলেন, 'সরকারী কর্মচারীদের তুলনায় যৌন কর্মীরা অনেক সৎ।' আবার ধর্ষণ প্রসঙ্গে বলেন, 'মোবাইল ফোনের জন্যই ধর্ষণ বাড়ছে।' এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান রামের অবতার বলেও জানিয়েছিলেন সুরেন্দ্র।
কিন্তু এ দিনের মন্তব্যে সরাসরি সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির উপরেই প্রশ্ন তুলে দিলেন তিনি। অবশ্য জনসংখ্যা বাড়িয়ে কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তার কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ওয়াকিবহাল মহল।