
শেষ আপডেট: 20 March 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হরিণঘাটার বিধায়কের বলে দাবি করে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বনগাঁয় হুলস্থুল। এই অডিওতে শোনা যাচ্ছে ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন দলেরই বিধায়ক অসীম সরকার। এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল।
ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করতে শোনা গেছে। তিনি বলেন, "বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না।"
যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, "ওই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল। শাসকদলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিত দাসকে কেউ ভোট দেবে না। সেটা জেনেই এসব পন্থা বের করছে তারা। এই ধরনের শব্দ কিছুতেই আমাদের বিধায়ক বলতে পারেন না।" তৃণমূল অবশ্য বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ঘরের কোন্দল ঢাকতেই তৃণমূলের উপর দায় চাপাচ্ছে বিজেপি। এ ছাড়া তাদের অন্য কোনও উপায় নেই।