দ্য ওয়াল ব্যুরো : লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপরে বিতর্কের সময় আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই থেকে নাকি বিজেপি এমপিরা রাহুলকে দেখলেই দু'পা পিছিয়ে যাচ্ছেন। পাছে রাহুল তাঁদের আলিঙ্গন করেন সেজন্যই ভয়ে ভয়ে আছেন তাঁরা। বৃহস্পতিবার মজা করে এমনই বলেছেন রাহুল স্বয়ং।
অনাস্থা বিতর্কে রাহুল বলেছিলেন, আপনার সঙ্গে কারও মতবিরোধ থাকতে পারে। তার মানে এই নয় যে তাঁকে ঘৃণা করতে হবে। তার পরেই তিনি মোদীকে আলিঙ্গন করেন। পরে লোকসভায় ভাষণে মোদী বলেছিলেন, রাহুলের আচরণ 'ছেলেমানুষী'। পরে উত্তরপ্রদেশে এক ভাষণেও বলেছিলেন, রাহুল অযাচিতভাবে আমাকে আলিঙ্গন করেছিলেন।
এর পর থেকেই নাকি বিজেপির সাংসদরা ভাবছেন, রাহুল যে কোনও সময় তাঁদেরও আলিঙ্গন করতে পারেন ।