ভূপেশ বাগেলের বিরুদ্ধে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্য, 'যদি আমরা থুতু ফেলি...'
দ্য ওয়াল ব্যুরো : "আমাদের পার্টিকর্মীরা যদি থুতু ফেলেন, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল (Bagel) ও তাঁর মন্ত্রীরা জলে ভেসে যাবেন।" ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক ডি পুরন্দেশ্বরী। বিজেপ
শেষ আপডেট: 3 September 2021 07:28
দ্য ওয়াল ব্যুরো : "আমাদের পার্টিকর্মীরা যদি থুতু ফেলেন, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল (Bagel) ও তাঁর মন্ত্রীরা জলে ভেসে যাবেন।" ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক ডি পুরন্দেশ্বরী। বিজেপির তরফে ছত্তিসগড়ের দায়িত্বপ্রাপ্ত পুরন্দেশ্বরী এদিন দলের কর্মীদের বলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে আমাদের ক্ষমতায় আসতেই হবে।
বাগেল মন্তব্য করেছিলেন কেউ আকাশে থুতু ফেললে তা নিজের গায়েই পড়ে। তারই জবাবে পুরন্দেশ্বরী তাঁর দলীয় কর্মীদের থুতু ফেলার কথা বলেন।
ছত্তিসগড়ের বিজেপি কর্মীদের নিয়ে তিনদিনের 'চিন্তন শিবির' করেন পুরন্দেশ্বরী। তিনি বলেন, "আমি বিজেপি কর্মীদের কাছে আবেদন জানাচ্ছি, সাহসের সঙ্গে কাজ করুন। আপনারা যদি ঘুরে দাঁড়িয়ে থুতু ফেলেন, তাহলে বাগেল সহ তাঁর পুরো মন্ত্রিসভা ভেসে যাবে।" পরে তিনি বলেন, বিজেপির কর্মীরা যদি কঠিন পরিশ্রম করেন, তাহলে ২০২৩ সালে ছত্তিসগড়ে নিশ্চয় দল ক্ষমতায় আসবে। তাঁর কথায়, "বিজেপির মতাদর্শ অন্যদের তুলনায় আলাদা। আমাদের দল সবসময় গরিব, উদ্বাস্তু ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দলের কর্মীরা নিঃস্বার্থে কাজ করেন।" প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুরন্দেশ্বরী বলেন, "বিজেপির প্রত্যেক কর্মীই সম্মানিত। তিনি ছোট শহর থেকে এলেও কিছু যায় আসে না।"
কংগ্রেসকে কটাক্ষ করে পুরন্দেশ্বরী বলেন, "ওই দলের পরবর্তী সভাপতি কে হবেন, তা যে কেউ বলতে পারে। কিন্তু বিজেপির ক্ষেত্রে তা হয় না। এখানে প্রত্যেক যোগ্য কর্মীরই উন্নতি হয়। তিনি দলের সভাপতি হতে পারেন।" বিজেপি নেত্রীর মতে, রাজ্যে পরিবর্তনের সূচনা হয়েছে। আদিবাসী অধ্যুষিত বস্তার থেকেই শুরু হয়েছে পরিবর্তন।
কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে পুরন্দেশ্বরী বলেন, তারা ছত্তিসগড়ের মানুষকে ঠকিয়েছে। ভোটে মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। থুতু দেওয়া নিয়ে পুরন্দেশ্বরীর মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বাগেল বলেন, কোনও বিজেপি নেত্রীর থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। তাঁর কথায়, "এই মন্তব্যের কী জবাব দেব? আমি ভাবতেই পারিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে ডি পুরন্দেশ্বরীর মানসিকতা এত নিচু হয়ে যাবে। কংগ্রেসে যখন ছিলেন, তখন তিনি এমন মন্তব্য করতেন না।"
কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন পুরন্দেশ্বরী। ২০১৪ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। ছত্তিসগড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল বিজেপি। ২০১৮ সালে ক্ষমতায় আসে কংগ্রেস।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'