
শেষ আপডেট: 6 November 2023 19:53
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বদলি হয়ে দফতরে সবে মাত্র যোগ দিয়েছেন নতুন বিডিও। দুর্নীতি নিয়ে ওই সরকারি আধিকারিককে হুঁশিয়ারি দিলেন বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বিজেপি নেতা বললেন, ''বিগত দিনে বিজেপির সদস্যরা সঠিকভাবে পরিষেবা পাননি। আপনি নতুন এসেছেন। সঠিকভাবে কাজ করুন। বিমাতৃসুলভ কাজ হলে এখানে আপনার চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে।''
টেট দুর্নীতির পর রেশন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজ্যের এক মন্ত্রীর। ইডি-র বয়ানে বিপুল সম্পত্তির তথ্য উঠে আসছে। এই সময়ে দাঁড়িয়ে বিজেপি নেতার এই হুঁশিয়ারি এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বাঁকুড়ার কোতুল্পুর থেকে বদলি হয়ে কৃষ্ণেন্দু ঘোষ দু’সপ্তাহ আগেই বনগাঁয় নতুন বিডিও হয়ে এসেছেন। সোমবার বনগাঁর বিডিও অফিসের সামনে রেশন দুর্নীতি সহ রাজ্য সরকারের একাধিক দুর্নীতি নিয়ে ডেপুটেশন কর্মসূচি করে বিজেপি। সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ''বিডিওর হাত দিয়ে যে রেশন আসে তা আমাদের কর্মীরা পায় না। ঝড়বৃষ্টিতে আমাদের লোকজন ত্রিপল পায়নি, রেশন পায়নি, চাল, আটা পায়নি। শস্য বীজ দেওয়া হয় না। সবই তৃণমূলকে দিচ্ছেন। এর উত্তর আপনাকে দিতে হবে।''
এরপরেই দেবদাসবাবু বলেন, ''বনগাঁ বিজেপির দুর্জয় ঘাঁটি। মেরুদণ্ড সোজা করে চাকরি করুন। তা না হলে আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে।''
বিজেপি নেতার এমন হুঁশিয়ারি নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ''ওরা পাগলের প্রলাপ করছে। ২০১১ সালের পরে থেকে পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দলমত নির্বিশেষে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও বাছবিচার করা হয় না।''