দ্য ওয়াল ব্যুরো: পাকুড়ে সমাজকর্মী স্বামী অগ্নিবেশকে মারধরের জন্য পরোক্ষে তাঁকেই দায়ী করল বিজেপি।
রাঁচিতে বিজেপির নেতা দীপক প্রকাশ মন্তব্য করেছেন, স্বামী অগ্নিবেশকে কিছু লোক মারধর করেছে শুনে অবাক হইনি। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। স্বামী অগ্নিবেশের অতীতের কাজকর্মের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তিনি বেশ কয়েকবার মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে ভাষণ দিয়েছেন।
দেশের কয়েকটি স্থানে গোরক্ষা ও ছেলেধরার নামে মানুষকে পিটিয়ে মারার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত সোমবার সুপ্রিম কোর্ট মন্তব্য করে, উন্মত্ত জনতার হামলা যেন স্বাভাবিক ঘটনা না হয়ে ওঠে। সরকারকে উদ্যোগ নিক যাতে এসব বন্ধ হয় ।
তার পরদিনই ৮০ বছরের বৃদ্ধ স্বামী অগ্নিবেশ আক্রান্ত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাঁকে ঘিরে একদল যুবক লাথি, ঘুঁষি বর্ষণ করে চলেছে। তিনি দুহাত তুলে বাঁচার চেষ্টা করছেন।
পরে তিনি বলেন, ওরা আমাকে খুন করতে এসেছিল। প্রায় ১০০-১৫০ জন আমার ওপরে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ঠেলে মাটিতে ফেলে দিল। ওরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল। আমাকে বলল, তুই গোমাংস খাওয়া সমর্থন করিস।
ওই ঘটনার পরে ঝাড়খণ্ডের বিজেপি সরকার স্বামী অগ্নিবেশের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে।