
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে জন বার্লা
শেষ আপডেট: 23 January 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: জল্পনাতেই শিলমোহর। কালচিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ জন বার্লা। মুখ্যমন্ত্রীর সভায় তিনি যে উপস্থিত থাকবেন এমন ইঙ্গিত নিজেই দিয়েছিলেন জন। বৃহস্পতিবার মমতার সঙ্গে একই একই মঞ্চে দেখা গেল তাঁকে।
কালচিনিতে নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি পরিষেবা দেওয়ার অনুষ্ঠানও হবে। সেই মঞ্চেই উপস্থিত রয়েছেন জন। অনুমান, বৃহস্পতিবারই ফুল বদল করে তৃণমূলের যোগ দিতেন পারেন বিজেপি নেতা।
গত লোকসভা ভোটে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছিল। যা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন বিজেপি সাংসদ প্রকাশ্যে একাধিকবার দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। গত নভেম্বরে আলিপুরদুয়ারের তৃণমূল নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন জন। তখন থেকেই দলবদল নিয়ে জল্পনা চড়ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি মনোজ টিগ্গার নামোল্লেখ করে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বার্লা।
টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের প্রচারে দেখা যায়নি বার্লাকে। এবারেও উপনির্বাচনের প্রচারে বেরোননি তিনি। এদিকে সম্প্রতি ডুয়ার্স এবং চা বাগানের উন্নয়নে বিজেপি কোনও কাজ করেনি বলে মন্তব্য করেছিলেন জন। যদিও পর্যবেক্ষকদের অনেকের মতে, শুধুমাত্র চা বাগানের দাবি-দাওয়া জানানোর জন্যই মুখ্যমন্ত্রীর সভায় প্রাক্তন বিজেপি সাংসদ উপস্থিত হয়েছেন, এমনটা নয়।