
শেষ আপডেট: 18 January 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব শেষে কলকাতায় ফেরার পর বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy) আর সক্রিয় রাজনীতিতে ফেরেননি। বাংলার নেতাদের সঙ্গে বিরোধের জেরে রাজ্য পার্টির সঙ্গেও সম্পর্ক রাখেন না প্রবীণ এই নেতা। তবে বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রায়ই দলকে শাসন, সতর্ক করেন।
বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে টুইট (tweet) করেছেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেছেন, অহিন্দু ভোটারের মন পেতে নরম ধর্মনিরপেক্ষতার রাস্তায় হাঁটার চেষ্টার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এই ব্যাপারে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রসঙ্গ তুলেছেন তথাগত। ১৯৮৯ এর লোকসভা ভোটের আগে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব অযোধ্যায় বন্ধ বাবরি মসজিদের তালা খুলে দিয়ে হিন্দু ভোটারের মন পাওয়ার চেষ্টা করেছিলেন। মথুরায় মাচান বাবা নামে এক হিন্দু সাধুর পা মাথায় ঠেকিয়ে আশীর্বাদ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেবার নির্বাচনী প্রচারও শুরু করেছিলেন অযোধ্যার লাগোয়া ফৈজাবাদ থেকে। অযোধ্যা তখন ছিল ক্যান্টনমেন্ট শহর ফৈজাবাদের অংশ।
কিন্তু গদি বাঁচাতে পারেননি রাজীব। বফর্স কামান কেলেঙ্কারির দায়ে সেবার কংগ্রেসের ভরাডুবি হয়।
কিন্তু তথাগত রায় কেন বিজেপিকে নরম ধর্ম নিরপেক্ষতা নিয়ে সতর্ক করলেন। টুইটে ব্যাখ্যা দেননি প্রবীণ নেতা। ফোনও বেজে গিয়েছে তাঁর।
তবে বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের ভাষণকে নিশানা করতে চেয়েছেন তথাগত। মোদী বলেছেন, মুসলিমদের দরিদ্র অংশের কাছে দলকে পৌঁছতে হবে। তাদের ভোটও পেতে হবে বিজেপিকে।
রাজ্য বিজেপির অনেক নেতাই মনে করছেন, দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত প্রধানমন্ত্রীর ওই পরামর্শকেই নরম ধর্ম নিরপেক্ষতা বলতে চেয়েছেন।
আজাদ কাশ্মীর: রাজ্য সরকারের জবাব তলব করল মোদীর শিক্ষা মন্ত্রক