দ্য ওয়াল ব্যুরো : গোষ্ঠীদ্বন্দ্ব, কায়েমি স্বার্থ অথবা ভোটে প্রার্থী না হতে পারা। এই সব কারণে দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ক্ষুব্ধ হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কাউন্সিলার। তাঁরা প্রচারে তেমন গা করছেন না। দলের তরফে যিনি দিল্লির ভোটের দায়িত্বে আছেন, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। প্রচার শেষ হওয়ার অল্পদিন আগে, বুধবার রাতে তিনি বৈঠকে বসলেন দিল্লির কাউন্সিলারদের সঙ্গে। তাঁদের কাছে জানতে চাইলেন, দলের প্রার্থীদের হয়ে প্রচারে নামতে চাইছেন না কেন?
গত লোকসভা ভোটের পরে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মতো রাজ্য হাতছাড়া হয়েছে বিজেপির। দিল্লিতে লোকসভা ভোটে কিন্তু তারা ভাল ফল করেছিল। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের আবহে দিল্লিতে এবারের বিধানসভা ভোট বিজেপির কাছে রীতিমতো প্রেস্টিজ ফাইট। তার আগে অমিত শাহ কাউন্সিলারদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। পরে তিনি সতর্ক করে বলেন, কাউন্সিলাররা যদি দলের নির্দেশ না মেনে চলেন, তাহলে ‘ফল ভোগ করতে হবে।’
বিজেপির ধারণা, পার্টিকর্মীদের একাংশের বিদ্রোহের জন্য মহারাষ্ট্রে ও ঝাড়খণ্ডে ফল খারাপ হয়েছে। দিল্লিতে যাতে এমন না হয়, সেজন্য এবার প্রথম থেকেই কড়া হয়েছিল পার্টি নেতৃত্ব। তাও কাউন্সিলারদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। দিল্লিতে বিজেপি তিনবার পুরভোটে জিতেছে। কিন্তু ১৯৯৮ সালে হেরে গিয়েছিল। তারপর থেকে আর পুরসভা দখল করতে পারেনি।
অমিত শাহ নিজে এবার দিল্লিতে প্রচারের হাল ধরেছেন। ব্যক্তিগতভাবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়েছেন। দলের এমপিদের তিনি নির্দেশ দিয়েছেন, মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটান।