
শেষ আপডেট: 29 November 2023 12:22
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছুক্ষণ। তারপরেইকলকাতা শহরের প্রাণকেন্দ্রে শুরু হয়ে যাবে 'শাহী' সভা। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সেই সভার প্রস্তুতি সারা হয়ে গেছে আগেই। মঙ্গলবার রাত থেকেই বিশেষ বাস ও ট্রেনে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। বুধবার সকাল থেকে ধর্মতলামুখী ভিড়ে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। ৬০ ফুট দীর্ঘ মঞ্চ তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। দুপুর ২টোয় সেই মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার কথা অমিত শাহের, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে।
এদিন সকাল ১১.০৫-এ বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। ১.১৫ নাগাদ কলকাতায় নামবেন তিনি। তারপর হেলিকপ্টারে চড়ে নামবেন কলকাতা রেসকোর্সে তৈরি হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে ধর্মতলায় সভাস্থলে পৌঁছবেন তিনি। ৩টে পর্যন্ত বক্তৃতা দিয়ে ফের দিল্লির উদ্দেশে রওনা হবেন শাহ।
এদিন সভাস্থলে রয়েছে অন্য এক চমক। জানা গেছে, মঞ্চের আশেপাশে রাখা থাকবে ১০টি বাক্স। সেগুলি কোনও সাধারণ বাক্স নয়, বরং রাজ্যের বঞ্চিত মানুষরা নিজেদের যাবতীয় বঞ্চনা, নালিশ, অভাব-অভিযোগ জানানোর জায়গা। চিঠিতে সব লিখে সেই বাক্সে ফেলে দিতে পারবেন মানুষ। লোকসভা ভোটের আগে বাংলার মানুষের ক্ষোভের কথা জানতে, এবং জনসংযোগ বাড়াতেই এই নয়া উদ্যোগ। শুধু একদিনের জন্য সভাস্থলেই নয়, এই ড্রপ বক্স ভবিষ্যতে রাজ্যজুড়ে সমস্ত মানুষের জন্য চালু করা হতে পারে বলে জানা গেছে বিজেপি সূত্রে।
এদিন মূলত কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে যে দুর্নীতি ও সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে বিজেপি, তার প্রতিবাদেই এই মেগা সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষাক্ষত্রে দুর্নীতি, রেশন দুনীর্তি, আবাস যোজনা, ১০০ দিনের কাজ, বিধবা ভাতা ইত্যাদি। এদিনের সভায় লক্ষাধিক মানুষ যোগ দেবেন বলে দাবি গেরুয়া শিবিরের।
অন্যদিকে এই একই দিনে বিধানসভায় কালা দিবস পালন করবে তৃণমূল। রাজনৈতিক দ্বৈরথের পরিবেশ যাতে এক তরফা না থাকে তাই এই পাল্টা কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এখন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণের অন্যতম বিষয়। তাতেই শান দিতে চাইছে জোড়়াফুল। বর্তমানে বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে। তৃণমূল ঠিক করেছে, তাঁদের বিধায়করা সবাই বুধবার কালো পোশাক পরে বিধানসভায় আসবেন।
এর মধ্যেই মঙ্গলবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপিও। সব মিলিয়ে বুধবার হাই ভোল্টেজ তরজা নিয়ে সরগরম থাকতে চলেছে রাজ্য রাজনীতি।