
শেষ আপডেট: 16 April 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগরের দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে চন্দননগরে সরিষাপাড়া এলাকায় তাঁদের উপর হামলা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই বিজেপি কর্মী কৌশিক শিকারি ও শুভঙ্কর দাস রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগরের লালবাগানে গিয়েছিল। কৌশিক বিজেপির শক্তিকেন্দ্র প্রমূখ। তাঁর অভিযোগ, চুঁচুড়ায় বাড়ি ফেরার সময় কয়েকজন তৃণমূল কর্মী চন্দননগর সরিষা পাড়ার কাছে তাঁদেরকে দাঁড় করায়। তাঁদের গাড়ির চাবি কেড়ে নেয়। এরপরেই শুরু হয় মারধর। গুরুতর জখম হন দুজনেই।
খবর পেয়ে কৌশিকের পরিবার ও এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান। পৌঁছয় চন্দননগর থানার পুলিশও। এরপরেই দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় এদিন মারধর করা হয় তাঁদের দলীয় কর্মীদের। তৃণমূল কয়েকদিন ধরে তাদের টার্গেট করছিল। চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র তৃণমূল নেতা মুন্না আগরওয়াল বলেন, "চন্দননগর শান্তিপ্রিয় জায়গা। রাত দেড়টায় মদ খেয়ে ঝামেলা হয়েছে। এতে রাজনীতির রঙ লাগানো হচ্ছে। মারধরের রাজনীতিতে বিশ্বাসী নয় তৃণমূল। একেবারে ব্যক্তিগত ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে।