
শেষ আপডেট: 4 July 2022 06:58
দ্য ওয়াল ব্যুরো: একটু একটু করে ম্যাচ জয়ের আশা জাগছে ভারতের। তৃতীয় দিনের শেষে এজবাস্টনের (Edgbaston) মাঠে টিকে আছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। প্রথম জন পেরিয়েছেন ৫০, আর দ্বিতীয় জন তিরিশের ঘরে। বলাই চলে সোমবার, ম্যাচের চতুর্থ দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্যই (Ind vs Eng)।
ভারত চাইবে চতুর্থ দিনের শুরুতেই রানের গতি বাড়াতে। যতটা বেশি রান স্কোর বোর্ডে রাখা যাবে ততই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি হবে। অন্যদিকে, ইংল্যান্ড বোলারদের লক্ষ্য থাকবে উইকেট নেওয়ার দিকে। যত কম রানে অলআউট করতে পারবে ভারতকে তবেই থাকবে জেতার সম্ভাবনা।
এমনিতেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কমে যাচ্ছে ওভার। তারপর আউট ফিল্ড ভিজে থাকায় সমস্যায় পড়ছেন খেলোয়াড়রা। মাঝে মাঝেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাচ্ছে খেলা। বলাই চলে ভারতের জয়ের পথে কাঁটা এখন একমাত্র বৃষ্টি। তবে ভারতীয় সমর্থকদের জন্য আশার বাণী শোনাল আবহাওয়া দফতর (Birmingham Weather Update)।
আবহাওয়া দফতর সূত্রে জানাচ্ছে, আজ, সোমবার বার্মিংহামে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রোদ ঝলমলে পরিস্কার আকাশ থাকবে। ফলে এদিন বৃষ্টির জন্য ম্যাচ বন্ধের আশা নেই বললেই চলে।
এখনও পর্যন্ত ভারত ভাল জায়গায় আছে। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট খুইয়ে ১২৫ রান করেছে ভারত। ক্রিজে আছেন পূজারা ও পন্থ। সেই পন্থ যিনি আগের ইনিংসেই নিজেকে মেলে ধরেছিলেন। তাঁর দুর্দান্ত শত রানের ওপর ভর করেই ভারতীয় দলের স্কোর ৪০০ পেরিয়েছিল। যোগ্য সঙ্গত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর ব্যাটেও এসেছিল শতরান।
ভারতীয় পেসারদের দাপটে প্রথম ইনিংসে ২৮৪ রানেই অলআউট হয়ে গেল ইংল্যান্ড। এজবাস্টনের মাঠে সোনা ফলাচ্ছে যশপ্রীত বুমরার ভারত। ব্যাটিংয়ে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার ঝড়ের পর বল হাতে কামাল দেখিয়েছিলেন সিরাজ, বুমরা, শামিরা।
তবে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি। পয়া মাঠেও রান পেলেন না তিনি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি। এদিন মাত্র ২০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এখন এটাই দেখার চতুর্থ দিনে কোনদিকে মোড় নেয় ম্যাচের ভাগ্য।
সিরাজদের দাপটে চুর্ণ ব্রিটিশ বাহিনী! প্রথম ইনিংসে ২৮৪ রানে শেষ ইংল্যান্ড