
শেষ আপডেট: 1 July 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি নামটা শুনলে জিভে জল আসে অনেকের। মোঘল আমলের এই বাদশাহী খানার ভক্ত নন এমন মানুষ হাতে গোনা। বাড়িতে বিরিয়ানি বানানো বা রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খাওয়া তো বটেই পাশাপাশি প্রতিদিনই একাধিক খাবার ডেলিভারির অ্যাপ থেকে অনেকে অর্ডার করেন পছন্দ মতো বিরিয়ানি। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে বিরিয়ানি সংক্রান্ত নানা তথ্য।
প্রতিদিন বিরিয়ানি অর্ডার করার সংখ্যাটা কত সেটা জানলে সত্যিই অবাক হতে হয়। সারা ভারতে দৈনিক যত খাবার ডেলিভারি করে এই ফুড ডেলিভারি অ্যাপগুলি তার মধ্যে সবচেয়ে বেশি বিরিয়ানির অর্ডার করেন গ্রাহকরা। জানা গেছে প্রতিদিন প্রায় ৬০ কোটি বিরিয়ানি অর্ডার করা হয় গ্রাহকদের পক্ষ থেকে।
ভারতের যে শহরটি থেকে সবচেয়ে বেশি বিরিয়ানির অর্ডার করা হয় তার নাম বেঙ্গালুরু। প্রতিদিন এই শহরের প্রায় ২৪ হাজার রেস্তোরাঁ থেকে বিরিয়ানি পরিবেশন করা হয় ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই। প্রতিদিন প্রায় ২২ হাজার বিরিয়ানি অর্ডার করা হয়। তৃতীয় স্থানে আছে রাজধানী দিল্লি। দিল্লির প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন বিরিয়ানি খান ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার দিয়ে।
বিরিয়ানি নিয়ে এই ভালবাসা এমনই পর্যায়ে যে জানা গেছে একজন ব্যক্তি বিরিয়ানি অর্ডার করার জন্য এক বছরে গড়ে খরচ করেন ৩১ হাজার টাকারও বেশি। সব মিলিয়ে ভারতীয়দের বিরিয়ানি প্রীতি যে কোন পর্যায়ে তা স্পষ্ট এই সমীক্ষা থেকে।
নুডলস থেকে ঝুলছে কুমিরের কাটা পা! ভাইরাল ‘গডজিলা র্যামেন’ দেখে শিউরে উঠছেন নেটিজেনরা