
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 14 September 2024 10:55
দ্য ওয়াল ব্যুরো: ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বীরভূমে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বীরভূমের ময়ূরেশ্বরের গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৩ দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন। শুক্রবার রাত ১১টা নাগাদ গ্রামের সেচ খালে তাঁদের দেহ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ দেহ উদ্ধারে আসে। পুলিশ জানিয়েছে, মৃত ২ মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর কারণ সম্পর্কেনিশ্চিত হতে পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই দুই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়েছিল গ্রামের মোড়ল সহ মাথারা। জানা যায়, সম্প্রতি ওই দুই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরও করা হয়েছিল।
গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলার পর এরপরই পুলিশ নিশ্চিত হয়, যে ওই দুই মহিলাকে পিটিয়ে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করেব তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক করতেব এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।